বাংলা সাহিত্যের অন্যতম পাঠকপ্রিয় ও চিরযৌবনা কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের এক অনন্য সৃষ্টি “উত্তরাধিকার”। সংগ্রহশালাতে তুলে রাখলাম যদি কখনো দরকার হয়। এই কবিতাটি আমাদের সকলের জীবনে একসময় প্রাসঙ্গীক হয়। মানুষ যখন জীবনের মধ্যগগনে পৌঁছায়, তখন ছোট ছোট অনেক ঘটনা অনেক বড় পার্থিব প্রাপ্তির চেয়ে বড় হয়ে দেখা দেয়। সেখানে আছে ‘বোতাম বিহীন ছেঁড়া শার্ট’, ‘ভুল পুরুষ বাক্য’ কিংবা ‘সিগারেট চুরি’র মতো তুচ্ছ অথচ অমূল্য স্মৃতি থাকে। মনুষ বোঝে আমাদের ব্যর্থতা এবং ভুলগুলোও আমাদের জীবনের মূল্যবান অলঙ্কার। জীবনের এক সময়ে মানুষ বুঝতে পারে, কেবল সাফল্য নয়, তার ‘দুঃখ বিহীন দুঃখ’ গুলোও তার একান্ত নিজস্ব সম্পদ।
উত্তরাধিকার
— সুনীল গঙ্গোপাধ্যায়
নবীন কিশোর,
তোমাকে দিলাম ভুবন ডাঙ্গার মেঘলা আকাশ
তোমাকে দিলাম বোতাম বিহীন ছেঁড়া শার্ট
আর ফুসফুস ভরা হাসি
দুপুর রৌদ্রে পায়ে পায়ে ঘোরা
রাত্রির মাঠে চিত হয়ে শুয়ে থাকা।
এসব এখন তোমারই
তোমার হাত ভরে নাও আমার অবেলা
আমার দুঃখ বিহীন দুঃখ, ক্রোধ শিহরন
নবীন কিশোর, তোমাকে দিলাম আমার যা কিছু আভরণ।
জ্বলন্ত বুকে কফির চুমুক, সিগারেট চুরি।
জানালার পাশে বালিকার প্রতি বারবার ভুল পুরুষ বাক্য
কবিতার কাছে হাঁটু মুড়ে বসা, ছুড়ির ঝলস।
গুঢ় অভিমানে মানুষ কিংবা, মানুষের মত
আর যা কিছুর বুক চিরে দেখা,
আত্মহনন।
শহরের পিঠ তোলপাড় করা অহংকারে দ্রুত পদপাত।
একখানা নদী, দুতিনটি দেশ, কয়েকটি নারী।
এসবই আমার পুরনো পোশাক, বড় প্রিয় ছিল
এখন শরীরে আঁট হয়ে বসে। মানায় না।
তোমাকে দিলাম,
নবীন কিশোর
ইচ্ছে হয়তো অঙ্গে জড়াও
অথবা ঘৃণায় দুরে ফেলে দাও
যা খুশি তোমার।
তোমাকে আমার তোমার বয়সী
সবকিছু দিতে বড় সাধ হয়।
আরও পড়ুন: