মাধবীর জন্যে – পূর্ণেন্দু পত্রী । কবিতা সংগ্রহ

আমাদের সময়ে যাঁরা বড় হয়েছেন এবং ভালোবেসে কবিতা পড়তেন, তাঁরা ‘মাধবীর জন্যে’ কবিতাটি অবশ্যই পড়ে থাকবেন। সে সময় পুরোটা মুখস্থ ছিল। এখন পেশাগত ব্যস্ততায় বহুদিন না পড়ার কারণে হঠাৎ পড়তে গেলে লাইন মনে পড়ে না; সর্বক্ষণ বইও কাছে রাখা যায় না। তাই নিজের পড়ার সুবিধার্থেই অনলাইনে তুলে রাখলাম। আমার মতো অন্য কেউ খুঁজলেও কাজে লাগবে।

যেবার প্রথম পড়েছিলাম, খুব অবাক হয়েছিলাম; কারণ তার আগে এ রকম কবিতা পড়িনি। এই কবিতায় নাকি ‘ব্রেখশীয় ডিসট্যান্স’ (Brechtian Distance) বা ‘ডিস্ট্যান্সিং ইফেক্ট’-এর (Distancing Effect) সফল প্রয়োগ করা হয়েছে। একবার দেখলাম শঙ্খ ঘোষও এই কবিতা নিয়ে পূর্ণেন্দু পত্রীর ‘চিত্রকল্প’ ও ‘দৃশ্যরূপ’ তৈরির প্রশংসা করেছেন। কেউ কেউ তো আবার এই কবিতাকে ‘একটি অসম্পূর্ণ চলচ্চিত্রের চিত্রনাট্য’ বলেছেন। আমাদের প্রিয় কবীর সুমনও এই কবিতাটির প্রশংসা করেছিলেন।

মাধবীর জন্যে পূর্ণেন্দু পত্রী

আয়নার পাশে একটু অন্ধকার ছায়া এঁকে দাও।
ব্যথিত দৃশ্যের পট জুড়ে থাক স্তিমিত আঁধার।
দেয়ালের ছবিটাকে একটু সরাতে হবে ভাই।
ওটা নয়, এই ছবিটাকে।
জুলিয়েট জ্যোৎস্নার ভিতরে
রক্তে উচ্চকিত তৃষ্ণা রোমিওর উষ্ণ ওষ্ঠাধরে।
ব্যাস, ব্যাস।

লাইটস বার্নিং।
মাধবী, আসুন।
একটা ক্লোজআপ নেব।
এখানে দাঁড়ান, একটু বাঁ দিক ঘেঁষে প্লিজ।
মনিটর…
মাধবী বলুন—
কিছু লাভ আছে মনে রেখে?

না। অত স্পষ্ট নয়।
আরেকটু নির্জন স্বরে
নিজের আত্মার সঙ্গে কথোপকথন।
যেন মনে হয়
ওষ্ঠ হতে উচ্চারিত কয়েকটি শীতল বাক্য নয়।
মনে হবে সন্ধ্যাবেলা সারা ধরাতলে
অবসন্ন কুসুম ঝরিছে বনবীথিতলে নীরব রোদনে।
মনে হবে নীরব রোদনে
যেন আপনি বলতে চান
মনে রেখো, মনে রেখো সখা,
যেন কেহ কোনোদিন মনে রাখে নাই
মনে আর রাখিবে না।

জ্যোৎস্নার ভিতরে কোথাও আহ্বান নেই আর,
উষ্ণ ওষ্ঠাধর দুটি গোলাপের মহিমায় ফুটে
এখন অপেক্ষমাণ
কবে পাখি বলে যাবে, রাত্রি হলো অবসান।

দৃষ্টি আরও নত হবে
সম্মুখে কোথাও কোনো দেখিবার মতো দৃশ্য নাই।
নিবন্ত ধূপের সাদা ছাই
রজনী পোয়ানো কিছু মৃত গোলাপের দীর্ঘশ্বাস
হাঁ-করা নেকড়ের মুখে দগ্ধ সিগারেট
এইটুকু দৃশ্য শুধু পড়ে আছে কাঠের টেবিলে।

লাইটস বার্নিং।
মাধবী, মেক-আপ, আলো,
এবার টেকিং—
মাধবী, নিশ্চয় মনে আছে সংক্ষিপ্ত সংলাপটুকু
কিছু লাভ আছে মনে রেখে?

 

কবি পূর্ণেন্দু পত্রী | Poet Purnendu Pattrea - কবিতার নাম: মাধবীর জন্যে কাব্যগ্রন্থ : শব্দের বিছানা (১৯৭৫) কবি:  পূর্ণেন্দু পত্রী / পূর্ণেন্দুশেখর পত্রী (ফেব্রুয়ারি ২, ১৯৩১ - মার্চ ১৯, ১৯৯৭)
কবি পূর্ণেন্দু পত্রী | Poet Purnendu Pattrea

 

কবিতার নাম: মাধবীর জন্যে
কাব্যগ্রন্থ : শব্দের বিছানা (১৯৭৫)
কবি:  পূর্ণেন্দু পত্রী / পূর্ণেন্দুশেখর পত্রী (ফেব্রুয়ারি ২, ১৯৩১ – মার্চ ১৯, ১৯৯৭)

আরও দেখুন:

Leave a Comment