ফর অ্যাডাল্টস অনলি – শচীন ভৌমিক [ সূচি ] For Adults Only – Sachin Bhowmick [ প্রিয় গল্প সংগ্রহ ]

শচীন ভৌমিক আমার প্রিয় লেখকদের একজন। খুব ছোটবেলায় অন্যরকম আগ্রহ থেকে পড়ে ফেলেছিলাম তাঁর “ফর অ্যাডাল্টস অনলি”। অসংখ্য বই কিনলেও এই জীবনে আমার আর বইয়ের সংগ্রহশালা হলো না; অন্যসব বইয়ের মতো সেই প্রিয় বইটি কেন জানি হারিয়ে গিয়েছিল। আজ এক সুহৃদ ভদ্রলোক আমাকে বইটি উপহার দিলেন। আমার মনে হলো, হারানো রত্ন ফিরে পাওয়ার এই আনন্দ একা উপভোগ না করে আপনাদের সাথে ভাগ করে নিই। আজ দিচ্ছি সূচিপত্র আর ভূমিকা দিলাম। লেখাগুলো একে একে তুলে দেব।

ফর অ্যাডাল্টস ওন্‌লি – শচীন ভৌমিক

শচীন ভৌমিক

 

ভূমিকা :

আমি যখন কোলকাতার কুট্টি ছিলাম তখন লিখতাম। বোম্বের বোম্বেটে হওয়ার পর থেকে কর্মজীবনের চাপে লেখা কমে এসেছিল। প্রকাশক ব্রজ মণ্ডল মশাই আবার আমার লেখক জীবনকে সচল করেছেন। এতদিনে আমি প্রকাশকের সংজ্ঞা খুঁজে পেয়েছি। যিনি শক্‌ দিতে ভালোবাসেন তিনিই প্রকাশক। নইলে আমার শকিং রচনা প্রকাশ করার আর কি মানে হতে পারে বলুন?

কিন্তু আমার ‘শের শায়রী’ও ‌‌‌’বেডসাইড শচীন ভৌমিক’ বই দু’খানার অভূতপূর্ব জনপ্রিয়তা দেখে বুঝতে পেরেছি বাঙালী সত্যি সত্যি পরস্ত্রীকাতর, না না মাপ করবেন, পরশ্রীকাতর, না, এবারও ভুল বললাম, প্রশ্রয়কাতর, হ্যাঁ, ঠিক, প্রশ্রয়কাতর। পাঠক পাঠিকাদের প্রশ্রয় পেয়েই “ফর অ্যাডাল্টস্‌ ওন্‌লি” আমার তৃতীয় প্রয়াস প্রকাশিত হল। ‘বেডসাইডে’-র মতোই এ বই আমার বহুবিধ রচনার নির্বাচিত সংকলন। এতে বচন ফকিরের কল্কে, গল্প, কৌতুকী, শায়রী সব পাবেন। এ বই আপনি বেডসাইডে রাখতে পারেন, বাথসাইডে রাখতে পারেন, এসাইড্‌ ও রাখতে পারেন।

জানি আমি আপনাদের সহৃদয়তার সুযোগ নিচ্ছি। কিন্তু অপরাধ আপনাদের-এ ফ্র্যাংকেস্টাইন আপনারা নিজের হাতে তৈরি করেছেন। এবার তার অত্যাচার আপনাদের সহ্য করতেই হবে। প্রশ্রয়ের সীমানা যদি আরও বিস্তারিত হয়, তবে সাবধান করে দিচ্ছি, অচিরাৎ দেখতে পাবেন,-রিটার্ন অফ্‌ দি ফ্র্যাংকেস্টাইন। আবার শচীন ভৌমিক।

ভৌমিক শ’
(বার্নার্ড শ’র সঙ্গে কোন সম্পর্ক নেই)

 

শচীন ভৌমিক কে আরও পড়ুন: