শিষ্টাচার বা আদব-কায়দা কোনো স্থির বিষয় নয়; যুগের প্রয়োজনে এবং মানুষের মেলামেশার পরিধি বাড়ার সাথে সাথে এটি ক্রমাগত বিবর্তিত হয়। এক সময় আমাদের সমাজে কারো শারীরিক গঠন, ওজন বা উচ্চতা নিয়ে মন্তব্য করাকে নিছক ‘রসিকতা’ বা ঘনিষ্ঠতার মাপকাঠি ধরা হতো। কিন্তু আধুনিক যুগে যখন পৃথিবীর নানা প্রান্তের, নানা রুচির ও নানা বৈচিত্র্যের মানুষের মধ্যে মিথস্ক্রিয়া বা মেলামেশা বেড়েছে, তখন জন্ম নিয়েছে কিছু নতুন এটিকেট বা শিষ্টাচার। এই নতুন যুগের অন্যতম প্রধান একটি আদব হলো—কারো শরীর নিয়ে কোনো প্রকার নেতিবাচক মন্তব্য না করা, যাকে আমরা এখন ‘বডি শেমিং’ (Body Shaming) হিসেবে চিনি।
বডি শেমিং আসলে কী এবং কেন এটি আধুনিক অসভ্যতা?
খুব সহজভাবে বললে, কারো শারীরিক বৈশিষ্ট্য—যেমন ওজন, উচ্চতা, গায়ের রঙ, চুলের ধরণ বা অঙ্গসংস্থান নিয়ে উপহাস করা, অযাচিত পরামর্শ দেওয়া বা নেতিবাচক ইঙ্গিত করাই হলো বডি শেমিং।
কেন এটি এখন অসভ্যতা? কারণ আধুনিক বিশ্ব নাগরিকের প্রধান বৈশিষ্ট্য হলো অন্যের ব্যক্তিগত সীমানা (Personal Space) এবং মর্যাদা (Dignity) রক্ষা করা। আগে হয়তো গ্রাম্য আড্ডায় কাউকে ‘মোটা’ বা ‘কালো’ বলাটা অপরাধ মনে হতো না, কিন্তু বর্তমানের পরিশীলিত সমাজে এটি একটি চরম অভদ্রতা। আপনি যখন কারো শরীর নিয়ে কথা বলেন, তখন আপনি আসলে তার আত্মপরিচয়ে আঘাত করেন। একজন মানুষের শরীর কেমন হবে, তা তার একান্ত ব্যক্তিগত বিষয় অথবা তার জিনগত ও স্বাস্থ্যগত পরিস্থিতির ওপর নির্ভরশীল। আপনার একটি ‘ছোট্ট মজা’র মন্তব্য সেই মানুষটির আত্মবিশ্বাস চুরমার করে দিতে পারে, যা কোনোভাবেই একজন মার্জিত মানুষের কাজ হতে পারে না।
কীভাবে বুঝবেন আপনি বডি শেমিং করছেন?
অনেকেই বুঝতে পারেন না যে তারা কখন আধুনিক শিষ্টাচারের সীমা লঙ্ঘন করছেন। যদি আপনার আচরণে নিচের বিষয়গুলো থাকে, তবে আপনি আসলে বডি শেমিং করছেন:
- অযাচিত সমালোচনা: কাউকে দেখামাত্রই “তোর পেট তো অনেক বেড়ে গেছে” বা “রোদে পুড়ে তো একদম কুচকুচে কালো হয়ে গেছিস”—এমন মন্তব্য করা।
- ছদ্মবেশী পরামর্শ: কেউ আপনার কাছে স্বাস্থ্য বা রূপচর্চার টিপস না চাইতেই যেচে বলা— “একটু ডায়েট করা দরকার তোর” বা “এই ক্রিমটা মাখলে তোকে একটু ফর্সা দেখাবে”।
- তুলনা করা: অন্যের সামনে কাউকে ছোট করে বলা— “ওর পাশে তোকে একদম খাটো লাগছে” বা “তোর ভাই কত স্মার্ট আর তুই এমন কেন?”
- ডিজিটাল আক্রমণ: সোশ্যাল মিডিয়ায় কারো ছবিতে গিয়ে তার হাসি, গলার স্বর বা শরীরের কোনো অংশ নিয়ে ব্যঙ্গাত্মক কমেন্ট করা।
ভয়াবহ কনসিকুয়েন্স: কেন আপনি বিপদে পড়তে পারেন?
বডি শেমিং এখন আর কেবল ‘খারাপ স্বভাব’ নয়, এটি একটি পেশাদার অপরাধ হিসেবে গণ্য হচ্ছে। এর ফলে আপনি আকস্মিক কিছু বিপদে পড়তে পারেন:
১. চাকরি হারানো (Job Termination): বর্তমান করপোরেট দুনিয়ায় ‘হারাসমেন্ট’ বা হয়রানি নীতি অত্যন্ত কঠোর। আপনি যদি কর্মক্ষেত্রে কোনো সহকর্মীর চেহারা বা শরীর নিয়ে রসিকতা করেন, তবে সেটি ‘ভারবাল অ্যাবিউজ’ বা মৌখিক হেনস্তা হিসেবে গণ্য হবে। এইচআর (HR) পলিসি অনুযায়ী, আপনার এই এক মুহূর্তের ‘মজা’র কারণে আপনাকে বিনা নোটিশে চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে। এমনকি আপনার প্রফেশনাল রেকর্ডেও এটি একটি বড় কলঙ্ক হয়ে থাকবে।
২. পেশাদারী বিশ্বাসযোগ্যতা হারানো: আপনি যদি মানুষের খুঁত নিয়ে মজা করার অভ্যাসে অভ্যস্ত হন, তবে উচ্চপদস্থ বা রুচিশীল কোনো ব্যক্তিত্ব আপনাকে গুরুত্ব দেবেন না। নেটওয়ার্কিং মিটিং বা বিজনেস ডিনারে আপনার এই ‘স্থূলরুচি’র কারণে আপনি গুরুত্বপূর্ণ ডিল বা সুযোগ হারাতে পারেন। মানুষ আপনাকে ‘আনপ্রফেশনাল’ এবং ‘টক্সিক’ হিসেবে চিহ্নিত করবে।
৩. আইনি জটিলতা ও সামাজিক বর্জন: বর্তমানে ডিজিটাল নিরাপত্তা আইন এবং কর্মক্ষেত্রের নীতিমালার আওতায় মানহানিকর মন্তব্যের জন্য আইনি ঝামেলায় পড়ার ঝুঁকি থাকে। এছাড়া সচেতন সমাজে আপনি একজন ‘একঘরে’ মানুষে পরিণত হবেন; কেউ আপনার সাথে দীর্ঘস্থায়ী কোনো সম্পর্কে জড়াতে চাইবে না।
তো কি করবেন?
একজন মার্জিত ও সুরুচিপূর্ণ মানুষ হতে হলে আপনাকে নিজেকে ঘষামাজা করে তৈরি করতে হবে। মনে রাখবেন, আধুনিক এটিকেট মানে কেবল সুন্দর করে কথা বলা নয়, বরং অন্যকে অসম্মানিত না করার বোধ অর্জন করা। কারো শরীর বা অবয়ব নিয়ে আপনার কোনো পর্যবেক্ষণ থাকলেও তা নিজের ভেতরেই রাখুন। অন্যের খুঁত খোঁজা বন্ধ করে নিজের মানসিকতাকে পরিশীলিত করতে মনোযোগী হওয়াটাই হলো আসল আভিজাত্য।
আরও দেখুন: