নোট

বাংলাদেশের খবর – গ্রামের খবর পৌঁছে দেবার স্বপ্ন নিয়ে

বাংলাদেশের খবর - গ্রামের খবর পৌঁছে দেবার স্বপ্ন নিয়ে

বাংলাদেশের খবর। গ্রাম, ইউনিয়ন, উপজেলা শহরের সাধারণ খবরগুলো পৌঁছে দিতে তৈরি হয়েছে অনলাইন কমিউনিটি সংবাদ মাধ্যম হিসেবে। এই উদ্যোগটি নেয়া হয়েছিল প্রবাসী বাংলাদেশিদের কথা ভেবে।

আমাদের অনেক স্বজন কাজের প্রয়োজনে বিদেশে থাকে। মন পড়ে থাকে দেশে। কাজ শেষে সন্ধ্যাবেলা মন ছুটে যায় গ্রামের কোন খেলার মাঠে, কোন ঘাটপাড়ে, গ্রাম্য বাজারের মজমায় বা কোন রাস্তার মোড়ের চায়ের আড্ডায়। নিস্তব্ধ কোনও দুপুরে হঠাৎ মনে পড়ে যায় প্রিয় কোন মুখ। কেউ আত্মীয়, কেউ পাড়াসম্পর্কিত আবার কেউবা শুধুই চেনা পরিচিত। শেষবার হয়তো দেখে এসেছিলেন বয়সের ভারে ন্যুজ হয়ে যাওয়া পাড়ার সেই বড়ভাইটিকে, যে মানুষটি একদিন তাঁর সবল কাঁধে বসিয়ে কয়েক মাইল দূরে লাঠি খেলা দেখাতে নিয়ে গিয়েছিল। মনে পরে যায় গ্রামের সেই মতি পাগলাকে, যে অন্যদের উপর চড়াও হলেও আপনাকে খুব আদর করতো। ওপাড়ার মোটা চশমা পরা বুড়ো দাদু – যিনি চাঁদের রাতে উঠোনে বসে হরিণের শিঙের গল্প শোনাতেন। মনে পড়ে যায় সেই বটগাছটির কথা, যেটি নিয়ে অনেক গল্প ছিল, যার তলায় জীবনের বহু স্মৃতি ঘূর্ণি বাতাসের মতো পাক খায়।

বিদেশে গিয়ে হাতে সময় থাকলেই এলাকার লোকজনের সঙ্গে দেখা করি। সেরকম এক বিকেলে পাঁচতারা এক হোটেলের লবিতে এক বন্ধুর সঙ্গে আড্ডা হচ্ছিল। দেশ থেকে হাজার মাইল দূরে এসে বন্ধুটির সফল হবার গল্প খুব আনন্দ নিয়ে শুনছিলাম। বিদেশে ভালো থাকার গল্পের এক পর্যায়ে আসে দেশের কথা। কথায় কথায় আসলো আমাদের এলাকার একটি পুরনো পুকুরের কথা। বন্ধুটিকে জানালাম – দীর্ঘদিনের মামলা শেষ হবার পর ওয়ারিশরা পুকুরটি ভরে ফেলেছে। এত ভালো থাকার উচ্ছ্বাসের মধ্যেও বন্ধুটি কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে গিয়েছিল। পরবর্তী দুঘণ্টা ওই পুকুরের স্মৃতির বাইরে আর যাওয়াই হল না।

এ ধরনের খবরগুলোর গুরুত্ব ওই এলাকার মানুষের কাছে অনেক। কিন্তু জাতীয় গণমাধ্যমগুলোর কাছে তা খবর নয়। এর যৎসামান্য তুলে আনে স্থানীয় সংবাদপত্রগুলো। সেগুলোর বেশিরভাগই অনলাইনে আসার সুযোগ পায় না। তাই হাজার চেষ্টা করেও দূরে থাকা মানুষগুলোর তাদের এলাকার ছোটখাটো খবর সময়মতো পাবার সুযোগ নেই। এই অভাব পূরণের স্বপ্ন নিয়ে ‘বাংলাদেশের খবর’ এর জন্ম। গ্রামের খবর পৌঁছে দেবার স্বপ্ন নিয়ে এর পথ চলা শুরু। অনেক সাধ, বড় স্বপ্ন, স্বল্প সাধ্য নিয়ে স্বল্প আয়োজনে ২০০৯ সালে এর যাত্রা শুরু হয়। এরপর আর একটু আয়োজন বাড়িয়ে ২০১০ এ আনুষ্ঠানিক পথচলা। এরই মধ্যে অনেক লেখক-পাঠক যুক্ত হয়েছেন। সরকারের পক্ষ থেকে অনুমোদন পেয়েছে। আমরাও ক্রমশ আশাবাদি হয়েছি।

মূলত আমাদের গুরুত্বের জায়গা হচ্ছে আঞ্চলিক খবর। গ্রাম, ইউনিয়ন, উপজেলা বা জেলা পর্যায়ের সাধাসিধে-সাধারণ মানুষের খুচরা আনন্দ-বেদনার খবর, তাদের সাফল্যের খবর। এই মানুষগুলোকে নিয়েইতো বাংলাদেশ।

সংবাদ মাধ্যমটিকে কখনও মুদ্রণের কথা ভাবিনি। অদূর ভবিষ্যতে পাঠকের উৎসাহ-সমর্থনে সেই পরিকল্পনায় বাধা নেই। তবে ইন্টারনেট সংযোগহীন গহীন ইউনিয়ন বা গ্রামের মানুষের কাছে তাদের প্রকাশিত খবরের মাসিক একটি সংকলন করার কথা ভাবছেন জেলা প্রতিনিধিবৃন্দ।

আমাদের এই নাতিদীর্ঘ চলার পথে সঙ্গে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সামনের দিনগুলিতে আপনাদেরকে সঙ্গে নিয়ে গ্রাম থেকে গ্রামান্তরের খবর পৌঁছে দিতে পারবো। ঠিক যেখানে আপনি চান, যেভাবে চান।

homepage

শেয়ার করুন: Facebook X WhatsApp LinkedIn

প্রেস ডেস্ক, সুফি ফারুক ইবনে আবুবকর এর অফিস

সুফি ফারুক ইবনে আবুবকর এর নিজের সকল লেখা, শুভেচ্ছা, স্মরণ ইত্যাদি এই ডেস্ক থেকে প্রকাশিত হয়।

Leave a Reply

সুফি ফারুক ইবনে আবুবকর

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ। ইতিহাস, রাজনীতি, প্রযুক্তি ও উন্নয়ন নিয়ে লেখালেখি।

যোগাযোগ

কুমারখালী বাস স্ট্যান্ড, দুর্গাপুর, কুমারখালী।
+৮৮০ (১৭) ৬৩০৩৮,৬৩০৩৯।contact@sufifaruq.com

© ২০২৬ সুফি ফারুক ইবনে আবুবকর। সর্বস্বত্ব সংরক্ষিত।