কাদের মোল্লার লাশ এদেশের পবিত্র মাটি থেকে তুলে পাকিস্তানে প্রেরণ করাই ভালো

বাংলাদেশ সরকার যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করায় পাকিস্তান পার্লামেন্টে নিন্দা প্রস্তাবের ওপর আলোচনায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান বলেছেন:

“আব্দুল কাদের মোল্লা ১৯৭১ সালে পাকিস্তানের স্বার্থে কাজ করেছিলেন। তিনি ছিলেন একজন খাঁটি পাকিস্তানপ্রেমী। কাদের মোল্লার ফাঁসি কার্যকর করায় সমগ্র জাতি (পাকিস্তান) শোকাভিভূত। তিনি মৃত্যুর আগ পর্যন্ত অখণ্ড পাকিস্তানের সমর্থক ছিলেন।”

পাকিস্তানিরা বারবার নানাভাবে প্রমাণ দিয়েছে—এদেশের রাজাকাররা তাদেরই লোক, খাঁটি পাকিস্তানপ্রেমী; তারা কখনোই বাংলাদেশের পক্ষের শক্তি নয়। জামায়াতও সুযোগ পেলেই মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, বাংলাদেশকে অস্বীকার করে এবং পাকিস্তানি আমলের গুণকীর্তন শুরু করে। খুব কাছ থেকে তাদের রাজনৈতিক আদর্শ ও মনস্তত্ত্ব বিশ্লেষণ করলে দেখবেন, তারা অন্তরে সেই পাকিস্তানি ভাবাদর্শেই ফিরে যেতে চায়।

মুক্তিযুদ্ধে তারা ৩০ লক্ষ মানুষ হত্যা করতে, ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমহানি করতে তৎকালীন পাকিস্তান সরকারের অংশ হয়েছিল এবং নিজেরা হত্যাকারী পাকিস্তানি সেনাদের অক্সিলিয়ারি ফোর্স (রাজাকার) হয়ে যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছে, সেটার জন্য আমাদের আর আলাদা করে অভিযোগও করতে হয় না; তাদের পিতৃভূমি পাকিস্তানই নির্লজ্জভাবে বারবার সেই সত্য জনসমক্ষে নিয়ে আসে।

তো এহেন পাকিস্তানপ্রেমীর লাশ এই স্বাধীন বাংলায় কেন? এই বধ্যভূমির দেশে তারা তো আজীবন ঘৃণিত রাজাকার ছাড়া আর কোনো সম্মান পাবে না।

এজন্যই আমি বলি—রাজাকার কসাই কাদের তথা কাদের মোল্লার লাশ এদেশের পবিত্র মাটি থেকে তুলে পাকিস্তানে প্রেরণ করাই ভালো। ওরাই তার প্রকৃত কদর করতে পারবে!

Leave a Comment