এ কেমন প্রেম ভালোবাসা ?? | ইসলাম ও মুসলিম সিরিজ

আমরা প্রায়শই দাবি করি—আমরা দেশকে প্রচণ্ড ভালোবাসি।

কিন্তু দেশের প্রকৃত ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের অনীহা। আমরা দেশের কোনো সমস্যার গভীরে ঢুকতে চাই না, নির্মোহ বিশ্লেষণ করতে চাই না। কোনো জাতীয় সংকটে ঠিকমতো জেনে-বুঝে একটি গঠনমূলক মতামত বা দূরদর্শী সিদ্ধান্ত দেওয়ার ধৈর্য আমাদের নেই।

বরং সস্তা কানকথা, সোশ্যাল মিডিয়ার চটকদার স্ট্যাটাস কিংবা হলুদ সাংবাদিকতার খবরের ওপর ভিত্তি করে অন্ধের মতো একটা গালি ছুড়ে দিয়েই আমরা নিজেদের ‘দেশপ্রেমের’ দায়িত্ব শেষ করি! আড়ালে দাঁড়িয়ে সস্তা বিষোদ্গার করা যদি দেশপ্রেম হয়, তবে এ কেমন ভালোবাসা?

একইভাবে, আমরা নিজেদের প্রচণ্ড ‘ইসলামপ্রেমী’ এবং ধর্মপ্রাণ দাবি করি।

অথচ ইসলামের মূল ভিত্তি—পবিত্র কুরআনকে আমরা ঠিকমতো বুঝে আত্মস্থ করতে চাই না। কুরআনের নির্দেশ অনুযায়ী গভীর চিন্তা ও অনুধাবন (তাফাক্কুর ও তাদাব্বুর) করার ফুরসত আমাদের নেই।

যখন বলা হয় ইসলাম মানেই কুরআনের জীবন্ত গাইডলাইন, তখন আমরা অনেকেই চটে যাই। দাবি করি—শুধু কুরআন কেন, সাথে হাদিস ও সিরাত লাগবে! অথচ সেই হাদিস, সিরাত, তাফসির বা অন্যান্য প্রামাণিক কিতাবে আসলে কী লেখা আছে এবং তা কুরআনের মূল বার্তার সাথে কীভাবে সামঞ্জস্যপূর্ণ—তা নিজে মিলিয়ে দেখার কোনো তাগিদ আমাদের নেই। এমনকি আমরা যারা হাদিস-তাফসির নিয়ে বাড়াবাড়ি করছি, তারা নিজেরা ওগুলো পড়িনি; স্রেফ একটা গোষ্ঠীর কাছ থেকে মারামারির সরঞ্জাম এনে অনলাইনে ঢেলে দিচ্ছি।

নিজে পড়াশোনা না করে, কোনো বিশেষ গোষ্ঠী বা কোনো নির্দিষ্ট আলেমের অন্ধ পক্ষ নিয়ে অন্যকে গালাগালি ও মারামারি করে ধর্মের প্রতি ‘প্রেম’ প্রদর্শন করাতেই আমাদের দায়িত্ব শেষ হয়।

এ কেমন প্রেম!