শুভকামনা তোমাদের জন্য

প্রিয় শিক্ষার্থীরা,

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের এই মাহেন্দ্রক্ষণে তোমাদের সবার জন্য রইল আমার অন্তহীন স্নেহ ও শুভকামনা। আজ তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রান্ত হলো।

যাঁরা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেছ:

তোমাদের এই অসামান্য অর্জনে আমি গর্বিত। তোমাদের দীর্ঘদিনের পরিশ্রম, ধৈর্য এবং একাগ্রতা আজ সার্থকতা পেয়েছে। তোমাদের এই অভিনন্দন কেবল তোমাদের একার নয়, এটি তোমাদের বাবা-মা এবং শিক্ষকদের ত্যাগেরও ফসল। তবে মনে রেখো, এই জিপিএ বা ফলাফল একটি বড় যাত্রার শুরু মাত্র। উচ্চশিক্ষার বিশাল সমুদ্রে যখন তোমরা পা রাখবে, তখন এই আত্মবিশ্বাসকে পুঁজি করে সামনে এগিয়ে যেতে হবে। মনে রেখো, শুধু মেধাবী হওয়া যথেষ্ট নয়, দেশ ও মানুষের কল্যাণে সেই মেধাকে কাজে লাগিয়ে একজন প্রকৃত মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই হবে তোমাদের আসল সার্থকতা।

যাঁরা আশানুরূপ ফল করতে পারোনি:

তোমাদের প্রতি আমার বিশেষ অনুরোধ—আজকের এই সাময়িক মেঘ দেখে তোমরা হতাশ হয়ো না। জীবনের আকাশ অনেক বড়। একটি পরীক্ষার ফলাফল কখনোই তোমার মেধা বা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না। পৃথিবীর ইতিহাস ঘাঁটলে দেখবে, অনেক মহান ব্যক্তি জীবনের কোনো না কোনো পর্যায়ে ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তাঁরা থেমে যাননি। এই ব্যর্থতা মানেই শেষ নয়, বরং এটি একটি নতুন শিক্ষা। নিজের ভুলগুলো চিহ্নিত করো, নিজের দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করো এবং দ্বিগুণ উদ্যমে নতুন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। বিশ্বাস করো, পরিশ্রমী মানুষের জন্য সাফল্যের দরজা কোনো না কোনোভাবে ঠিকই খুলে যায়।

শুভকামনা তোমাদের জন্য

আমাদের প্রত্যাশা ও আগামীর বাংলাদেশ:

তোমরাই আগামীর বাংলাদেশ। অনাগত দিনের এই জাতির নেতৃত্ব, উন্নয়ন এবং মানচিত্রের সম্মান রক্ষা করার গুরুদায়িত্ব তোমাদের কাঁধেই বর্তাবে। আমরা স্বপ্ন দেখি এমন এক প্রজন্মের, যারা কেবল প্রযুক্তি বা বিজ্ঞানেই উন্নত হবে না, বরং যাদের হৃদয়ে থাকবে দেশপ্রেম এবং সাধারণ মানুষের প্রতি গভীর মমতা। তোমরা দুর্নীতিমুক্ত, আধুনিক এবং সমৃদ্ধ এক বাংলাদেশ গড়ে তুলবে—এটাই আমাদের একান্ত চাওয়া।

দেশ ও দশের জন্য তোমরা হবে একেকজন আলোকবর্তিকা। তোমাদের সৃজনশীলতা আর সততা দিয়ে তোমরা বিশ্বদরবারে আমাদের লাল-সবুজের পতাকাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

তোমাদের প্রত্যেকের চলার পথ কুসুমাস্তীর্ণ হোক। জীবনের প্রতিটি পদক্ষেপে তোমরা বিজয়ী হও। সবার জন্য দোয়া এবং নিরন্তর শুভকামনা।

শুভকামনা তোমাদের জন্য।

শুভেচ্ছান্তে

সুফি ফারুক ইবনে আবুবকর

Leave a Comment