সংস্কার-আদব-এটিকেট সিরিজ

আমাদের বেড়ে ওঠার সময়গুলোতে শিষ্টাচার, এটিকেট বা আদব-কায়দার এক অনন্য সামাজিক গুরুত্ব ছিল। সমাজ ও পরিবারে একজন মানুষের পরিচয় কেবল তার বিত্ত দিয়ে নয়, বরং তার বিনয় ও আচরণ দিয়ে নির্ধারিত হতো। আমাদের মুরুব্বিরা একটা ফর্সি প্রবাদ বলতেন,

“বা আদব বা নসিব, বে আদব বদনসিব”

(আদব বা শিষ্টাচার যার আছে, সে ভাগ্যবান; আর যে বেয়াদব বা শিষ্টাচারহীন, সে দুর্ভাগা।)

এই দর্শনের মূল কথা হলো, একজন মানুষের প্রকৃত সৌভাগ্য বা সফলতা কেবল তার মেধা বা অর্থ দিয়ে আসে না, বরং তার আদব বা বিনয় তাকে সমাজের উচ্চ আসনে আসীন করে।

আদব হলো সেই সুগন্ধি, যা আপনার উপস্থিতিকে অন্যের কাছে প্রিয় করে তোলে। এখানে আদব অর্থ শুধুমাত্র শিষ্টাচার নয়, শিক্ষাও বটে। আমাদের মডার্ন স্কুল সিস্টেম চালুর আগে যে শিক্ষাব্যবস্থা প্রচলিত ছিল, তাতে অন্য বিষয়ে লেখাপড়ার আগে শিষ্টাচার শেখানো হতো; অর্থাৎ শিক্ষা শুরু হতো শিষ্টাচার শেখানোর মধ্য দিয়ে। এখনকার শিক্ষায় যেহেতু তা নেই, তাই সেই শিক্ষাটা আলাদা করে নেওয়া জরুরি।

মধ্যবিত্ত ঘরে ছোটবেলা থেকে শেখানো হতো—কীভাবে খাবার নিয়ে বসতে হয়, কীভাবে খেতে হয়, কীভাবে নতুন কারও সাথে দেখা হলে আচরণ করতে হয়, কী কাপড় কীভাবে পরতে হয়, কোন কথাগুলো কারও সামনে বলতে হয় না… এরকম কত কিছু। ঠিকমতো ভাত না মেখে বড় লোকমায় মুখে দেওয়ার জন্য দাদির কাছে গালি খেয়েছি। কোনো বড় মানুষের সামনে পায়ের ওপর পা উঠিয়ে মায়ের গালি খেয়েছি। ভুল কায়দায় গজল পড়ে দাদুর ভ্রুকুটি দেখেছি। এরকম কত শত কিছু।

তাই আজ আমার বিদ্যার্থী, অনুজপ্রতিম এবং আমাদের সন্তানদের জন্য একটি বিশেষ সিরিজ শুরু করলাম, যেখানে আমি ‘সংস্কার’, ‘আদব’ এবং ‘এটিকেট’ নিয়ে বিস্তারিত লিখব। আমাদের যাপিত জীবনের সংস্কার মূলত তিনটি প্রধান উৎস থেকে উৎসারিত। প্রথমটি হলো এই পলিমাটির নিজস্ব সংস্কার, যা হাজার বছর ধরে আমাদের সমাজ ও সংস্কৃতিতে বহমান। দ্বিতীয়টি হলো পারস্য (পার্শিয়ান) ও ভারতীয় সংস্কৃতির এক অপূর্ব সংমিশ্রণ, যা গত কয়েক শতাব্দী ধরে আমরা পরম মমতায় সৃষ্টি ও লালন করেছি। আর তৃতীয় উৎসটি এসেছে পশ্চিমা সভ্যতা থেকে, যা আধুনিক বিশ্বের সাথে আমাদের যোগসূত্র স্থাপন করেছে।

আপনি যদি একজন প্রকৃত পরিশীলিত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে চান, তবে এই তিনটি উৎসের পাশাপাশি সমকালীন আন্তর্জাতিক (Global) সংস্কারগুলো সম্পর্কেও আপনাকে জানতে হবে এবং নিয়মিত চর্চা করতে হবে। এই সিরিজের প্রতিটি পর্বে আমরা শিখব কীভাবে নিজেকে একজন মার্জিত ও বিশ্বমানের নাগরিক হিসেবে উপস্থাপন করা যায়।

এটা নিশ্চিত আমি যে তালিম পেয়েছি, তা হয়তো পুরোটা লিখে যাবো। কিন্তু সেটা সবটুকু যে আমি নিজে রপ্ত করতে পেরেছি বা চর্চা করছি, সেটার গ্যারান্টি দেব না। তবে এখনো প্রতিদিনের সচেতন চেষ্টা আছে সেটা নিশ্চিত ভাবেই বলবো।

এই লেখা, বলা তরুণদের নিতেই হবে, সেটা বলবো না। বরং সুনিলের মতো বলবো— “ইচ্ছে হয় তো অঙ্গে জড়াও, অথবা ঘৃণায় দূরে ফেলে দাও, যা খুশি তোমার দাও, কিন্তু তোমাকে আমার তোমার বয়সে পাওয়া তালিমগুলো অন্তত বলে যাবার খুব ইচ্ছে হয়”।

তাই “সংস্কার-আদব-এটিকেট সিরিজ” এর বিসমিল্লাহ করলাম।

সংস্কার-আদাব-এটিকেট সিরিজ

আমাদের এই সিরিজের মূল আলোচনার পরিধি বা ‘স্কোপ’ বোঝার জন্য প্রথমেই তিনটি গুরুত্বপূর্ণ শব্দের প্রায়োগিক অর্থ পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। সেই সাথে আধুনিক মূল্যবোধ ও সংবেদনশীলতারও পরিধি ঠিক করা দরকার।

সংস্কার

‘সংস্কার’ শব্দটি সংস্কৃত থেকে আসা এবং এটি আমাদের পারিবারিক ঐতিহ্যরক্তের পরিচয় বহন করে। সংস্কার বলতে বোঝায় যা বারবার অনুশীলনের মাধ্যমে আমাদের চরিত্রে স্থায়ী হয়ে গেছে। এটি আপনার বংশীয় আভিজাত্য (Lineage) প্রকাশ করে। “আপনার ঘরোয়া শিক্ষা কেমন” বা “আপনার বাবা-মা আপনাকে কী শিখিয়েছেন”—এই প্রশ্নের উত্তর দেয় সংস্কার। এটি আমাদের মজ্জাগত স্বভাব। আপনার ঘর থেকে পাওয়া সংস্কার যদি খুব উন্নত না হয়, আপনি নিজে থেকে একটু চেস্ট করেও সেটা ঠিক করে নিতে পারেন।

আদব

তেমনি ফার্সি আদব এবং ভারতীয় সংস্কার মিলে আমাদের পুর্বপুষেরা একটি সংস্কৃতি তৈরি করেছিলেন। সেটাকে কেউ বলেন “গঙ্গা-যমুনি তহজিব”, কেউ বলেন “ইন্দো-পার্সিয়ান সংস্কৃতি”, কেউ বলেন “হিন্দুস্তানি তামাদ্দুন”। নাম যাই হোক, সেটা আমাদের মধ্যে এখনো শক্তিশালি ভাবে বহমান। সেটা আমাদের একটি মুলব্যান সাংস্কৃতিক ঐতিহ্য। তাই আমাদের এই সংস্কার-আদাব-এটিকেট সিরিজে সেটাও থাকছে।

এটিকেট

‘এটিকেট’ বা ‘ম্যানার্স’ হলো সামাজিক রীতিনীতি বা লৌকিকতা। এটি মূলত পশ্চিমা সভ্যতার ধারণা। এটিকেট মূলত টেবিল ম্যানার্স, ড্রেস কোড বা পাবলিক প্লেসে কীভাবে কথা বলতে হয়—সেই বাহ্যিক নিয়মগুলোকে বোঝায়। চামচ-কাঁটা দিয়ে খাওয়া, ফোনে কথা বলার নিয়ম বা অফিসের আচরণবিধি হলো এটিকেট। এটি অনেকটা ‘প্রটোকল’-এর মতো। আন্তর্যাতিকতার কারণে এটাও আমাদের এখন আমাদের জীবনের বাস্তব অংশ।

 

আধুনিক মূল্যবোধ ও সংবেদনশীলতা:

বৈশ্বিক মূল্যবোধ হলো এমন এক সর্বজনীন নৈতিক চেতনার সমষ্টি, যা নির্দিষ্ট কোনো ধর্ম, গোষ্ঠী বা ভৌগোলিক সীমানার ঊর্ধ্বে উঠে পুরো পৃথিবীকে একটি অখণ্ড পরিবার হিসেবে দেখতে শেখায়। এর মূল ভিত্তি হলো প্রতিটি মানুষের জন্মগত মর্যাদা, স্বাধীনতা এবং মৌলিক অধিকারের প্রতি বিনম্র শ্রদ্ধা। এটি একজন মানুষকে কেবল স্বদেশের গণ্ডিতে আবদ্ধ না রেখে একজন দায়বদ্ধ ‘বিশ্ব নাগরিক’ হিসেবে গড়ে তোলে। আমাদের এই বৈচিত্র্যময় পৃথিবীর ভিন্নতাকে মেনে নিয়ে সহনশীলতা ও সহমর্মিতার সাথে জীবন যাপন করার জন্য এই সংস্কারর আমাদের শিখতে হবে।

 

বড় দাগে যেভাবে শুরুর পরিকল্পনা করছি ..

প্রথম ভাগ: দেশজ সংস্কার

এই অংশে থাকবে আমাদের শেকড় থেকে আসা সেই আদব, যা আমরা দাদি-নানি বা মুরুব্বিদের শাসনের মধ্য দিয়ে শিখেছি।

১. বাংলা খাবার খাওয়ার ভদ্রতা

২. মুরুব্বিদের সাথে মেলামেশা

৩. ঘরোয়া আড্ডার শিষ্টাচার

৪. অতিথি আপ্যায়ন: বাঙালির চিরায়ত আভিজাত্য

 

দ্বিতীয় ভাগ: তেহজিব ও তমদ্দুন (পার্সিয়ান – ভারতীয় আদব)

আপনার সিরিজের দ্বিতীয় ভাগের মূল সুর হলো ‘নফাসত’ বা সূক্ষ্মতা। যা পারস্য ও ভারতীয় মিথস্ক্রিয়ায় তৈরি হয়েছে।

১. কথাবার্তার আভিজাত্য: শব্দের জাদুতে শরাফতি

২. দস্তরখান ও মাহফিল: মজলিসের মহিমা

৩. পোশাক ও ব্যক্তিত্ব: আয়নায় নিজের আভিজাত্য

৪. উপহার ও কৃতজ্ঞতা: লেনদেনের শরাফতি

তৃতীয় ভাগ: গ্লোবাল এটিকেট (পশ্চিমের শিষ্টাচার)

১. প্রফেশনাল এটিকেট: করপোরেট দুনিয়ায় টিকে থাকার ব্যাকরণ

২. ডাইনিং এটিকেট: কাঁটা-চামচের লড়াই ও টেবিল শিষ্টাচার

৩. ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া আদব

৪. সময়জ্ঞান ও প্রতিশ্রুতি: ঘড়ির কাঁটায় আভিজাত্য

 

চতুর্থ ভাগ : আধুনিক মূল্যবোধ ও সংবেদনশীলতা (Modern Values & Sensitivities):

আমাদের সংস্কারের চতুর্থ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসটি হলো সমকালীন বৈশ্বিক মূল্যবোধ। এটি কেবল নির্দিষ্ট কোনো একটি ভূগোল বা ধর্ম থেকে আসেনি; বরং বিশ্বায়নের এই যুগে নানা সংস্কৃতি, জেন্ডার, ধর্ম ও মতাদর্শের মানুষের সাথে নিরন্তর মেলামেশা এবং একে অপরের মর্যাদা বোঝার তাগিদ থেকে এর জন্ম। আপনি নিজেকে যতই আধুনিক বা ‘স্মার্ট’ দাবি করেন না কেন—যদি অন্যের শারীরিক গঠন নিয়ে ‘বডি শেমিং’ করেন, কারো ধর্মীয় বা জাতিগত বিশ্বাস নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেন, কিংবা বিশেষ সক্ষমতাসম্পন্ন মানুষের প্রতি সংবেদনশীল না হন, তবে আপনার ভেতরের সেই ‘ভুঁইফোড়’ এবং ‘অমার্জিত’ সত্তাটাই বারবার বেরিয়ে আসবে। প্রকৃত পরিশীলিত হওয়া মানে কেবল দামি ঘড়ি বা সুট পরা নয়, বরং বৈচিত্র্যময় এই পৃথিবীতে মানুষের ভিন্নতাকে সম্মান করতে শেখা এবং নিজের অজান্তেও যেন অন্য কেউ ছোট না হয়, সেই সূক্ষ্মবোধ অর্জন করা। এই অধ্যায়টি মূলত নিজেকে একজন ‘গ্লোবাল সিটিজেন’ বা বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলার সেই অপরিহার্য ঘষামাজার গল্প।

  • বডি শেমিং (Body Shaming): কারো শারীরিক গঠন, উচ্চতা, গায়ের রঙ বা ওজন নিয়ে ‘রসিকতা’ করা যে চরম নিচু মানসিকতা—সেই শিক্ষা। “একটু শুকানো দরকার” বা “কালো হয়ে গেছিস কেন”—এসব অযাচিত মন্তব্য স্রেফ অসভ্যতা। এ সম্পর্কে বিস্তারিত দেখুন ..
  • রিলিজিয়াস সেন্সিটিভিটি (Religious Sensitivity): অন্যের ধর্ম বিশ্বাস বা রীতি-নীতি নিয়ে বিদ্রূপ না করা। নিজের ধর্ম পালন করার পাশাপাশি অন্য ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন ‘জোকস’ বা তর্কে না জড়ানো। এই সম্পর্কে আরও পড়ুন …
  • রেশিয়াল ও এথনিক সেন্সিটিভিটি (Racial/Ethnic Sensitivity): কোনো নির্দিষ্ট জাতি, গোষ্ঠী বা অঞ্চলের মানুষকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য না করা। কাউকে তার আঞ্চলিক টান বা বংশ পরিচয় দিয়ে ছোট করা পরিশীলিত মানুষের কাজ নয়।
  • জেন্ডার সেন্সিটিভিটি (Gender Sensitivity): নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে মানুষ হিসেবে সম্মান করা। লিঙ্গ বৈষম্যমূলক কথা (যেমন: “মেয়েদের এসব সাজে না” বা “পুরুষরা কাঁদে না”) এড়িয়ে চলা এবং কর্মক্ষেত্রে বা আড্ডায় বিপরীত লিঙ্গের মানুষের ব্যক্তিগত সীমানা (Personal Space) সম্মান করা।
  • ডিজেবিলিটি ইনক্লুশান (Disability Inclusion): শারীরিক বা মানসিকভাবে চ্যালেঞ্জড কোনো মানুষকে করুণা নয়, বরং সমমর্যাদা দেওয়া। তাদের বিশেষ চাহিদাকে সম্মান করা এবং এমন কোনো আচরণ না করা যাতে তারা নিজেদের আলাদা বা অসহায় মনে করেন।