পৃথিবীটা এখন একটা গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম। আজ আপনি আপনার ঘরে বসে ইন্টারনেটে যা বলছেন, তা পৃথিবীর অন্য প্রান্তের অন্য কোনো ধর্মের মানুষের কানে পৌঁছাতে এক সেকেন্ডও সময় লাগে না। আগে হয়তো নিজ গণ্ডির ভেতরে বসে অন্যের ধর্ম বিশ্বাস বা রীতি-নীতি নিয়ে হাসি-ঠাট্টা করা যেত, কিন্তু আধুনিক যুগে নানা জাতি, ধর্ম ও বর্ণের মানুষের এই নিবিড় মিথস্ক্রিয়ায় নতুন এক শিষ্টাচারের জন্ম হয়েছে—যার নাম ‘রিলিজিয়াস সেন্সিটিভিটি’ (Religious Sensitivity) বা ধর্মীয় সংবেদনশীলতা। এটি কেবল কোনো আধ্যাত্মিক বিষয় নয়, বরং আধুনিক সভ্য সমাজে টিকে থাকার জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘সোশ্যাল এটিকেট’।
রিলিজিয়াস সেন্সিটিভিটি আসলে কী?
সহজ কথায়, নিজের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা বজায় রেখে অন্য মানুষের ধর্ম বিশ্বাস, আচার-আচরণ বা পবিত্র বিষয়গুলোর প্রতি ন্যূনতম সম্মান প্রদর্শন করাই হলো ধর্মীয় সংবেদনশীলতা। এর মানে এই নয় যে আপনাকে অন্য ধর্ম গ্রহণ করতে হবে; এর মানে হলো—অন্যের বিশ্বাস আপনার কাছে যুক্তিসঙ্গত মনে না হলেও তা নিয়ে বিদ্রূপ, উপহাস বা তুষ্টতাচ্ছিল্য না করা। কোনো বিশেষ ধর্মের পোশাক, খাদ্যাভ্যাস বা প্রার্থনা পদ্ধতি নিয়ে জোকস তৈরি করা বা তর্কে জড়িয়ে নিজেকে ‘সেরা’ প্রমাণ করার চেষ্টা করা আধুনিক শিষ্টাচারের ভাষায় চরম অসভ্যতা এবং ‘লো-ক্লাস’ মানসিকতার পরিচয়।
কেন এটি আধুনিক যুগের একটি ‘মাস্ট-হ্যাভ’ এটিকেট?
আধুনিক কর্মক্ষেত্র বা সামাজিক পরিবেশে আপনি যখন কাজ করবেন, তখন আপনার চারপাশে ভিন্ন ভিন্ন বিশ্বাসের মানুষ থাকবে। আপনার একটি অবজ্ঞাপূর্ণ মন্তব্য বা ধর্মীয় শ্রেষ্ঠত্ব জাহির করার চেষ্টা পুরো পরিবেশটাকে বিষিয়ে তুলতে পারে। পরিশীলিত মানুষ হতে হলে আপনাকে বুঝতে হবে যে, ধর্ম মানুষের জীবনের একটি অত্যন্ত ব্যক্তিগত ও আবেগীয় জায়গা। এখানে আঘাত করা মানে সেই মানুষটির অস্তিত্বে আঘাত করা। তাই আধুনিক দুনিয়ায় কোনো আলোচনা বা আড্ডায় ধর্মকে তর্কের বিষয় না বানিয়ে একে পারস্পরিক শ্রদ্ধার জায়গায় রাখাই হলো প্রকৃত আভিজাত্য।
কীভাবে বুঝবেন আপনি ধর্মীয় সংবেদনশীলতার সীমা লঙ্ঘন করছেন?
অনেকেই অবচেতনভাবে এমন কিছু কাজ করেন যা আসলে ধর্মীয় অসংবেদনশীলতা:
ধর্মীয় জোকস: আড্ডায় বা ইন্টারনেটে কোনো ধর্মের অবতার, নবী, দেব-দেবী বা পবিত্র গ্রন্থ নিয়ে চটুল রসিকতা করা।
আচার-আচরণ নিয়ে বিদ্রূপ: কারো রোজা রাখা, নিরামিষ খাওয়া, তিলক পরা বা বিশেষ ধরণের টুপি-পোশাক পরা নিয়ে বাঁকা কথা বলা।
অযাচিত শ্রেষ্ঠত্ব জাহির: অন্যের বিশ্বাসকে ‘ভুল’ বা ‘কুসংস্কার’ বলে আক্রমণাত্মক তর্কে লিপ্ত হওয়া।
ডিজিটাল হারাসমেন্ট: সোশ্যাল মিডিয়ায় অন্য ধর্মের কোনো উৎসবে বা পোস্টে গিয়ে ঘৃণা ছড়ানো বা কুরুচিপূর্ণ মন্তব্য করা।
ভয়াবহ কনসিকুয়েন্স: চাকরি হারানো ও আইনি বিপদ
রিলিজিয়াস ইনসেনসিটিভিটি বা ধর্মীয় অসংবেদনশীলতা এখন আর কেবল ব্যক্তিগত স্বভাবের ত্রুটি নয়, এটি একটি পেশাদার ও আইনি অপরাধ। এর পরিণতি হতে পারে ভয়াবহ:
১. চাকরি হারানো (Termination of Employment): বর্তমান করপোরেট বিশ্বে ‘ডাইভারসিটি ও ইনক্লুশন’ (Diversity and Inclusion) নীতিমালা অত্যন্ত কঠোর। আপনি যদি অফিস চ্যাট গ্রুপে, লাঞ্চ টেবিলে বা সোশ্যাল মিডিয়ায় কোনো ধর্মকে আঘাত করে কিছু বলেন এবং কোনো সহকর্মী বা ক্লায়েন্ট যদি তার রিপোর্ট করে, তবে কোনো বড় কোম্পানিই আপনাকে রাখবে না। ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে আপনার চাকরি নিমেষেই চলে যেতে পারে এবং আপনার সিভিতে ‘রিলিজিয়াস হেট স্পিচ’-এর ট্যাগ লেগে যেতে পারে।
২. আইনি জটিলতা: বিশ্বের প্রায় প্রতিটি দেশেই ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া বা ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর বিরুদ্ধে কড়া আইন আছে। আপনার একটি বেফাঁস মন্তব্য বা ফেসবুক স্ট্যাটাস আপনাকে শ্রীঘরে নিয়ে যেতে পারে। আধুনিক যুগের একজন স্মার্ট মানুষ কখনোই এমন বোকামি করে নিজের ক্যারিয়ার ও জীবন বিপন্ন করবে না।
৩. পেশাদারী বিশ্বাসযোগ্যতা ও সম্মান হারানো: আপনি যদি মানুষের বিশ্বাস নিয়ে বিদ্রূপ করেন, তবে উচ্চপর্যায়ের কোনো নেটওয়ার্কে আপনার জায়গা হবে না। মানুষ আপনাকে ‘আনপ্রফেশনাল’ এবং ‘বিদ্বেষী’ হিসেবে জানবে। কোনো ক্লায়েন্ট বা ইনভেস্টর এমন মানুষের সাথে কাজ করতে চায় না যার মধ্যে অন্যকে সম্মান করার ন্যূনতম বোধটুকু নেই।
সুতরাং যা করতে হবে ..
নিজেকে মার্জিত ও সুরুচিপূর্ণ হিসেবে গড়ে তুলতে হলে আপনাকে এই সেন্সিটিভিটি অর্জন করতেই হবে। মনে রাখবেন, গ্লোবাল মার্কেটে আপনার স্কিল বা যোগ্যতা আপনার পরিচয় নয়, বরং আপনার আচরণই নির্ধারণ করবে আপনি কত বড় জায়গায় পৌঁছাবেন। অন্যের বিশ্বাসকে অসম্মান করে নিজেকে বড় ভাবাটা স্রেফ ‘ভুঁইফোড়’ মানসিকতা।