আগমনী গান মূলত শাক্ত পদাবলির একটি বিশেষ শাখা, যা আঠারো শতকের মধ্যভাগে কবি রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য প্রমুখের হাত ধরে পূর্ণতা পায়। এই গানের মূল উপজীব্য হলো দেবী দুর্গার বাৎসরিক মর্ত্যে আগমন। পৌরাণিক কাহিনী অনুসারে দুর্গা হলেন হিমালয় ও মেনকার কন্যা, যার বিয়ে হয়েছে শ্মশানচারী, ভাঙড় ও নিঃস্ব শিবের সঙ্গে। বছরের মাত্র তিনটি দিনের জন্য (সপ্তমী, অষ্টমী ও নবমী) উমা তাঁর স্বামীর ঘর কৈলাস ছেড়ে মর্ত্যে বাবার বাড়িতে আসেন। এই তিন দিনকে কেন্দ্র করেই আগমনী গানের সূচনা।
আগমনী গান
আগমনী গানের বিশেষত্ব হলো এর মানবিক আবেদন; এখানে দেবী দুর্গাকে কোনো অজেয় ঐশ্বরিক শক্তি হিসেবে নয়, বরং বাংলার এক সাধারণ ঘরের বিবাহিতা কন্যারূপে কল্পনা করা হয়েছে। যে কন্যা শ্বশুরবাড়িতে দারিদ্র্য ও কষ্টে থাকে এবং দীর্ঘ বিরহের পর মা মেনকার কাছে ফিরে আসে। এই মানবিক সম্পর্কের টানাপোড়েনই আগমনী গানকে ধর্মীয় গণ্ডি ছাপিয়ে বাঙালির সমাজজীবনের অংশ করে তুলেছে।
মাতৃহৃদয়ের আকুতি ও বাৎসল্য রস
আগমনী গানের প্রধান সুর হলো মা মেনকার বিচ্ছেদ-বেদনা এবং কন্যার প্রতি তাঁর গভীর মমতা। গানের বাণীতে দেখা যায়, মা মেনকা গিরিরাজ হিমালয়কে বারবার অনুনয় করছেন উমাকে কৈলাস থেকে নিয়ে আসার জন্য। ‘গিরিরাজ, গৌরী আমার এসেছে কি?’—এই ধরণের আর্তি ও উৎকণ্ঠা প্রতিটি বাঙালি মায়ের হৃদস্পন্দনের সঙ্গে মিলে যায়। এখানে উমা কেবল দেবী নন, তিনি বাঙালির ঘরের সেই আদরের মেয়ে, যাকে অল্প বয়সে দূর দেশে বিয়ে দেওয়া হয়েছে। কৈলাসের কঠোর পরিবেশ এবং শিবের দারিদ্র্য নিয়ে মা মেনকার দুশ্চিন্তা এই গানে বাৎসল্য রসের এক অপূর্ব সৃষ্টি করে। যখন উমা ফিরে আসেন, তখন মেনকার সেই আনন্দাশ্রু এবং জামাতা শিবের প্রতি তাঁর অনুযোগ—সব মিলিয়ে এক অতি পরিচিত বাঙালি পারিবারিক আবহ তৈরি হয়। এই গীতিধারায় আধ্যাত্মিকতার চেয়ে মানবিক আবেগের জয়গানই বেশি প্রকট, যা শ্রোতাকে অশ্রুসিক্ত করে তোলে।
সামাজিক প্রেক্ষাপট ও শৈল্পিক বৈশিষ্ট্য
আগমনী গানের গঠনশৈলী অত্যন্ত সহজ ও ভাবঘন। এটি মূলত মালসী এবং রামপ্রসাদী সুরে গীত হয়। আঠারো ও উনিশ শতকের বাংলায় যখন বাল্যবিবাহের প্রচলন ছিল এবং মেয়েদের শ্বশুরবাড়িতে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হতো, তখন মর্ত্যের মায়েদের যাতনা এই গানের মাধ্যমে প্রতিফলিত হতো। আগমণী গান তাই কেবল উৎসবের গান নয়, বরং এটি সমকালীন সমাজচিত্রের এক করুণ দলিল। গায়কীর ক্ষেত্রে এতে শাস্ত্রীয় সঙ্গীতের মালকোষ বা ভৈরব রাগের ছোঁয়া থাকলেও লোকজ সুরের আধিক্যই বেশি। কবিরঞ্জন রামপ্রসাদ সেনের পাশাপাশি দাশরথি রায় (দাশু রায়), নীলকণ্ঠ মুখোপাধ্যায় প্রমুখ এই ধারায় অসামান্য সব পদ রচনা করেছেন। বিশেষ করে মহালয়ার ভোরের আকাশে যখন এই সুর ভেসে আসে, তখন তা শরতের শারদীয় আমেজের সঙ্গে একাত্ম হয়ে বাঙালির মনে উৎসবের আমেজ ও করুণ রসের এক অদ্ভুত মিশ্রণ তৈরি করে।
আগমনী গান বাঙালির চিরন্তন বিরহ ও মিলনের আখ্যান। এটি এমন এক শিল্পধারা যেখানে ঈশ্বর ও মানুষের দূরত্ব মুছে গিয়ে এক নিবিড় পারিবারিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। আধুনিকতার যুগেও মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠের পাশাপাশি আগমনী গানের সেই চিরায়ত আবেদন অম্লান রয়ে গেছে। এটি সনাতন বাঙালিকে শেখায় কেমন করে ভক্তিকে প্রেমে এবং ঈশ্বরকে পরম আত্মীয়তে রূপান্তর করতে হয়। এই গানগুলো আমাদের মনে করিয়ে দেয় যে, দেবী দুর্গা কেবল অসুরদলনী নন, তিনি আমাদের ঘরের সেই চিরন্তন কন্যা ‘উমা’, যার জন্য প্রতিটি মা সারাবছর পথ চেয়ে বসে থাকেন।