নোট

বিশ্ব নিয়ন্ত্রক পেট্রো ডলারের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ । ইতিহাস ও রাজনীতি সিরিজ

পেট্রো ডলার

বিশ্ব রাজনীতির খবরাখবর যারা রাখেন, তারা ‘পেট্রো ডলার’ শব্দটির সাথে বেশ পরিচিত। শুনতে খুব সাদামাটা মনে হলেও, এই একটি মাত্র শব্দবন্ধের ভেতর লুকিয়ে আছে পুরো পৃথিবীর অর্থনৈতিক কাঠামোর মূল চাবিকাঠি।

সহজ কথায়—তেল রপ্তানিকারক দেশগুলো মার্কিন ডলারে তেল বিক্রি করে যে টাকা আয় করে, সেটাই পেট্রো ডলার। ১৯৭০-এর দশকে শুরু হওয়া এই আপাত-অর্থনৈতিক ব্যবস্থার জোরেই যুক্তরাষ্ট্র তাদের ডলারকে বিশ্বের ‘রিজার্ভ কারেন্সি’ বা প্রধান মুদ্রা হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছে। আর এই কাগজের নোটের ওপর ভর করেই দশকের পর দশক টিকে আছে তাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক দাপট।

তবে পেট্রো ডলার কেবলই কোনো নিটোল অর্থনৈতিক হিসাব-নিকাশ নয়। এর নেপথ্যে লুকিয়ে আছে পরাশক্তিগুলোর বড় বড় ভূ-রাজনৈতিক চাল, একের পর এক যুদ্ধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, গোয়েন্দা সংস্থার গোপন অপারেশন আর বিশ্ব রাজনীতির রক্তক্ষয়ী সব অধ্যায়। ঐতিহাসিক দলিল আর গবেষণার আলোকে আজ আমরা এই পেট্রো ডলারের উত্থান, এর পাহারাদার হিসেবে সিআইএ (CIA)-র ভূমিকা এবং বর্তমান বিশ্ব অর্থনীতিতে ডলারের ভবিষ্যৎ নিয়ে ভেতরের গল্পটা জানার চেষ্টা করব।

 

ব্রেটন উডস চুক্তি
ব্রেটন উডস চুক্তি

 

পেট্রো ডলারের উত্থান: সোনা থেকে কাগজের রাজত্ব

পেট্রো ডলারের জন্মগল্পটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী পৃথিবীতে। ১৯৪৪ সালের বিখ্যাত ‘ব্রেটন উডস চুক্তির’ (Bretton Woods Agreement) মাধ্যমে মার্কিন ডলারকে সোনার মানদণ্ডের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছিল। নিয়ম করা হয়েছিল—প্রতি আউন্স সোনার দাম হবে ৩৫ ডলার, আর বিশ্বের বাকি সব দেশের মুদ্রার মান এই ডলার দেখেই নির্ধারিত হবে।

কিন্তু ১৯৬০-এর দশকে এসে যুক্তরাষ্ট্র চরম অর্থনৈতিক চাপে পড়ে। ভিয়েতনাম যুদ্ধের বিপুল খরচ এবং দেশের ভেতরের মুদ্রাস্ফীতি সামাল দিতে আমেরিকা দেদারসে ডলার ছাপাতে শুরু করে। ফল যা হওয়ার তাই হলো—আমেরিকার সঞ্চিত সোনার রিজার্ভ হু হু করে কমতে থাকল। বাধ্য হয়ে ১৯৭১ সালের ১৫ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ‘নিক্সন শক’ (Nixon Shock) ঘোষণা করেন। তিনি সাফ জানিয়ে দেন, ডলার ভাঙালে আর সোনা পাওয়া যাবে না। এর মাধ্যমেই সোনা ছাড়া কেবল ফিয়াট কারেন্সি বা ‘কাগজের নোটের’ যুগ শুরু হয়। বিশ্ব অর্থনীতি একটা বড় ধাক্কা খায়, ডলারের দাম পড়ে যায়।

ঠিক এই খাদের কিনারা থেকে আমেরিকাকে বাঁচিয়ে দেয় ১৯৭৩ সালের আরব-ইসরায়েল ‘ইয়োম কিপুর যুদ্ধ’। এই যুদ্ধের জেরে ওপেক (OPEC) ভুক্ত আরব দেশগুলো আমেরিকাসহ পশ্চিমা বিশ্বে তেল রপ্তানি বন্ধ করে দেয় (Oil Embargo)। তেলের দাম রাতারাতি চারগুণ বেড়ে গেলে আমেরিকা মারাত্মক চাপে পড়ে।

 

খবরের কাগজে নিক্সন শক
খবরের কাগজে নিক্সন শক

 

এই পরিস্থিতি সামাল দিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার এবং তৎকালীন ট্রেজারি সেক্রেটারি উইলিয়াম সাইমন (William Simon) সৌদি আরবের সঙ্গে এক গোপন ও যুগান্তকারী চুক্তিতে বসেন। ১৯৭৪ সালে সৌদি রাজা ফয়সালের সঙ্গে হওয়া সেই চুক্তির শর্ত ছিল খুব সহজ: সৌদি আরব তাদের সমস্ত তেল কেবল মার্কিন ডলারে বিক্রি করবে এবং তেল বিক্রির উদ্বৃত্ত ডলার দিয়ে আমেরিকার ট্রেজারি বিল কিনবে (অর্থাৎ আমেরিকাকে ঋণ দেবে)। বিনিময়ে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে যেকোনো হামলা থেকে বাঁচাবে এবং আধুনিক সব সামরিক অস্ত্র সরবরাহ করবে।

এই চুক্তি থেকেই জন্ম নেয় ‘পেট্রো ডলার’। পরে ওপেকের বাকি দেশগুলোও এই নিয়ম মানতে বাধ্য হয়। ফলে পৃথিবীর যে প্রান্তেরই তেল লাগুক না কেন, তাকে ডলার মজুত করতে হবে। তেলসমৃদ্ধ দেশগুলোর জমানো সেই ডলার আবার ঘুরেফিরে আমেরিকার ব্যাংকেই ফেরত আসতে থাকে। এই চক্রটিকে বলা হয় ‘পেট্রো ডলার রিসাইক্লিং’ (Petrodollar Recycling)। এর ফলে আমেরিকা কার্যত ‘অসীম ঋণ’ নেওয়ার এক আলাদিনের চেরাগ পেয়ে যায়।

 

১৯৭৩ সালে সৌদি আরবের বাদশাহ ফয়সালের সঙ্গে হেনরি কিসিঞ্জার
১৯৭৩ সালে সৌদি আরবের বাদশাহ ফয়সালের সঙ্গে হেনরি কিসিঞ্জার

 

পেট্রো ডলারের ইতিহাস কি কেবলই রক্তপাতের ইতিহাস?

পেট্রো ডলার ওয়াশিংটনকে বিশ্ব অর্থনীতির রাজমুকুট পরিয়ে দিলেও, এর চড়া খেসারত দিতে হয়েছে পুরো পৃথিবীকে। এই ডলারের দাপট টিকিয়ে রাখতে আমেরিকা যেকোনো ধরনের হুমকিকে নির্মমভাবে গুঁড়িয়ে দিয়েছে।

ইরাক যুদ্ধ:

২০০০ সালে সাদ্দাম হোসেন ঘোষণা করলেন, তিনি আর ডলারে তেল বিক্রি করবেন না; জাতিসংঘের ‘অয়েল-ফর-ফুড’ কর্মসূচির আওতায় তেলের দাম নেবেন ইউরোতে। এটি ছিল ডলারের সাম্রাজ্যে সরাসরি কুড়ালের আঘাত। এরপরই শুরু হয় সিআইএ (CIA) এবং পশ্চিমা মিডিয়ার সর্বাত্মক প্রোপাগান্ডা—সাদ্দামকে বিশ্বের সবচেয়ে ভয়ংকর ‘ভিলেন’ বা নিষ্ঠুর স্বৈরশাসক হিসেবে প্রতিষ্ঠা করা। পশ্চিমা মিডিয়া ও সিভিল সোসাইটির একাংশকে ব্যবহার করে বিশ্বজুড়ে সাদ্দাম-বিরোধী জনমত তৈরি করা হয় এবং নির্বাসিত ইরাকি এজেন্টদের (যেমন: আহমেদ চালাবি) দিয়ে সাজানো হয় ‘গণবিধ্বংসী অস্ত্র’ (WMD) থাকার সম্পূর্ণ মিথ্যা বয়ান। এই ভুয়া অজুহাতে ২০০৩ সালে ইরাক আক্রমণ করে আমেরিকা। সাদ্দামকে সরিয়ে স্থানীয় লোকাল এজেন্টদের দিয়ে একটি অনুগত পুতুল সরকার বসানো হয় এবং ইরাককে আবার ডলারে তেল বিক্রির নিয়মে ফিরিয়ে আনা হয়। এই যুদ্ধে প্রায় সাড়ে চার লাখ মানুষ মারা যায় এবং পুরো মধ্যপ্রাচ্য ধ্বংসস্তূপে পরিণত হয়, যেখান থেকেই পরবর্তীতে জন্ম নেয় আইসিসের (ISIS) মতো জঙ্গি সংগঠন।

 

২০০৩ সালে ইরাকে আক্রমণের পর সাদ্দাম হোসেনের মূর্তি ভেঙ্গে ফেলা হয়
২০০৩ সালে ইরাকে আক্রমণের পর সাদ্দাম হোসেনের মূর্তি ভেঙ্গে ফেলা হয়

 

লিবিয়ার পতন:

২০০৯ সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি পুরো আফ্রিকার জন্য সোনা-ভিত্তিক একটি নতুন মুদ্রা ‘আফ্রো’ বা ‘গোল্ড দিনার’ (Gold Dinar) চালুর উদ্যোগ নেন, যেন আফ্রিকার সম্পদ নিজেদের মুদ্রায় কেনাবেচা করা যায়। এটি ছিল পেট্রো ডলারের জন্য মস্ত বড় হুমকি। এর পরপরই সিআইএ-র মদদে লিবিয়ায় শুরু হয় তথাকথিত ‘আরব বসন্তের’ হাওয়া। পশ্চিমা মিডিয়া এবং পশ্চিমা-অর্থায়নে চলা স্থানীয় কিছু সিভিল সোসাইটিকে ব্যবহার করে গাদ্দাফিকে নিজ জনগণের হত্যাকারী এক উন্মাদ ভিলেন হিসেবে বিশ্ববাসীর সামনে দাঁড় করানো হয়। এরপর সিআইএ-র অর্থ ও অস্ত্রে পুষ্ট স্থানীয় বিদ্রোহী বা লোকাল এজেন্টদের দিয়ে দেশে গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়া হয়। এই অরাজকতার সুযোগে ন্যাটো (NATO) ২০১১ সালে লিবিয়ায় হামলা চালায় এবং গাদ্দাফিকে নির্মমভাবে হত্যা করে। গাদ্দাফির পতনের পর অনুগত এজেন্টদের হাতে ক্ষমতা তুলে দিয়ে আফ্রিকার সোনার মুদ্রার স্বপ্ন চিরতরে কবর দেওয়া হয়।

 

লিবিয়ায় ইনকিলাবের পরে যোদ্ধারা মুয়াম্মার গাদ্দাফির মূর্তির মাথার ওপর পা রেখে দাঁড়িয়ে
লিবিয়ায় ইনকিলাবের পরে যোদ্ধারা মুয়াম্মার গাদ্দাফির মূর্তির মাথার ওপর পা রেখে দাঁড়িয়ে

 

ভেনেজুয়েলা ও ইরান:

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যখন চীনা ইউয়ানে তেল বিক্রি শুরু করলেন, তখন থেকেই তাঁর ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হলো। এই নিষেধাজ্ঞার মূল কৌশলই হলো—দেশে কৃত্রিম অর্থনৈতিক সংকট তৈরি করে সিভিল সোসাইটি ও সাধারণ জনগণকে সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলা। পশ্চিমা মিডিয়া মাদুরোকে ‘অগণতান্ত্রিক স্বৈরচার’ হিসেবে প্রজেক্ট করে এবং সিআইএ হুয়ান গুয়াইদোর মতো একজন লোকাল এজেন্টকে স্বঘোষিত প্রেসিডেন্ট হিসেবে দাঁড় করিয়ে অভ্যুত্থানের চেষ্টাও চালায়। অন্যদিকে, ইরান যখনই ডলার এড়িয়ে ইউয়ান বা ইউরোতে তেল বিক্রি করতে চেয়েছে, তাদের ওপরও নেমে এসেছে একের পর এক নিষেধাজ্ঞা। পশ্চিমা মিডিয়া দিয়ে ইরানের শাসকদের ‘সন্ত্রাসের মদদদাতা’ ভিলেন হিসেবে চিত্রিত করা হয়েছে এবং সুযোগ পেলেই দেশের ভেতরে সরকারবিরোধী বিক্ষোভে ইন্ধন জোগানো হয়েছে। ১৯৮০-৮৮ সালের ইরান-ইরাক যুদ্ধেও আমেরিকা সাদ্দামকে অস্ত্র দিয়ে সাহায্য করেছিল, যাতে ইরানকে দুর্বল করা যায়।

আন্তর্জাতিক পরিসংখ্যান বলে, ১৯৭৩ থেকে ২০১২ সালের মধ্যে পৃথিবীতে যতগুলো বড় যুদ্ধ হয়েছে, তার ২৫ থেকে ৫০ শতাংশের পেছনেই সরাসরি বা পরোক্ষভাবে তেলের হাত ছিল।

 

পেট্রো ডলার রিসাইক্লিং
পেট্রো ডলার রিসাইক্লিং

 

নেপথ্যের পাহারাদার: সিআইএ-র অদৃশ্য হাত

পেট্রো ডলারের নিরাপত্তা দেওয়া আমেরিকার জাতীয় নিরাপত্তারই অবিচ্ছেদ্য অংশ। ১৯৪৭ সালের ‘ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট’ অনুযায়ী সিআইএ-র (CIA) অন্যতম প্রধান কাজ হলো আমেরিকার অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা। আর যেহেতু পেট্রো ডলার আমেরিকার অর্থনীতির মূল খুঁটি, তাই সিআইএ সবসময় একে অতন্দ্র প্রহরীর মতো পাহারা দেয়।

“তুমি আমার ডলারে তেল বেচবে, আর আমি তোমাকে অস্ত্র ও নিরাপত্তা দেব”—এই অলিখিত চক্রটি যেন কেউ ভাঙতে না পারে, সেজন্য সিআইএ তাদের কুখ্যাত ‘রেজিম চেঞ্জ প্লেবুক’ (Regime Change Playbook) বা সরকার পরিবর্তনের নীলনকশা প্রয়োগ করে। এটি কেবল স্বৈরাচার বা একনায়কদের ক্ষেত্রে ব্যবহৃত হয়—এমনটা ভাবলে মস্ত বড় ভুল হবে। কোনো দেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারও যদি পেট্রো ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করে, সিআইএ তাদেরও চরম নির্মমতায় ছুড়ে ফেলে।

এই সরকার পরিবর্তনের পদ্ধতিটা একেবারে ছকে বাঁধা। যখনই কোনো শাসক ডলারকে পাশ কাটিয়ে ভিন্ন মুদ্রায় তেলের দাম হাঁকান, সিআইএ সরাসরি সেনা না পাঠিয়ে ওই দেশের ভেতরে থাকা তাদের লোকাল এজেন্ট বা দালালদের অ্যাক্টিভেট করে। প্রথম ধাপে, দেশের মূলধারার মিডিয়া ও সুশীল সমাজকে (সিভিল সোসাইটি) কাজে লাগিয়ে শাসকের বিরুদ্ধে অবিরাম প্রোপাগান্ডা চালানো হয়। তিলকে তাল করে জনমনে ক্ষোভের বীজ বোনা হয়। দ্বিতীয় ধাপে, দেশের ভেতরের বিরোধী দল বা সশস্ত্র বিদ্রোহী গ্রুপগুলোকে বিপুল পরিমাণ অর্থ ও অস্ত্র দিয়ে মাঠে নামানো হয়, তৈরি করা হয় কৃত্রিম অর্থনৈতিক সংকট।

মিডিয়া আর দালালদের এই নিখুঁত মগজধোলাইয়ের শিকার হয়ে সাধারণ মানুষ তখন রাস্তায় নেমে আসে। বুক চিতিয়ে স্লোগান দেয়। সাধারণ জনতা আবেগে আপ্লুত হয়ে ভাবে—তারা দেশের জন্য এক মহান “ইনকিলাব” বা বিপ্লব করে ফেলছে! কিন্তু পর্দার আড়ালের নিষ্ঠুর সত্যটা হলো, তারা টেরও পায় না যে তাদের এই দেশপ্রেম আর রক্ত আসলে সিআইএ-র দাবার ঘুঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। তারা বুঝতেও পারে না, এই তথাকথিত ‘বিপ্লব’-এর আসল রিমোট কন্ট্রোলটা রয়েছে ওয়াশিংটনে বসে থাকা ইকোনমিক হিটম্যান আর সিআইএ এজেন্টদের হাতে। লাতিন আমেরিকা থেকে মধ্যপ্রাচ্য—সবখানেই আমেরিকার একচেটিয়া স্বার্থ সংরক্ষণে এই অদৃশ্য হাতের ভয়ংকর প্রয়োগের প্রমাণ বারবার পাওয়া যায়।

 

২০০৩ সালে ইরাক নিয়ে আন্তর্জাতিক মিডিয়া
২০০৩ সালে ইরাক নিয়ে আন্তর্জাতিক মিডিয়া

 

বিশ্ব অর্থনীতিতে ডলারের ভবিষ্যৎ কী?

কথায় আছে, চিরদিন তো আর কারও একরকম যায় না! যে পেট্রো ডলারের ওপর ভর করে আমেরিকা গত অর্ধশতাব্দী ধরে দুনিয়া শাসন করেছে, সেই বিশ্ব অর্থনীতি এখন ধীরে ধীরে অথচ নিশ্চিতভাবে ‘ডি-ডলারাইজেশন’ (De-dollarization) বা ডলার বর্জনের দিকে এগোচ্ছে। এটি এখন আর কোনো ষড়যন্ত্রতত্ত্ব বা জল্পনা-কল্পনা নয়, বরং পরিসংখ্যানে প্রমাণিত এক বাস্তব চিত্র।

রিজার্ভের পতন ও সোনার মজুত বৃদ্ধি:

২০০০ সালের দিকেও বিশ্বের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের ৭১ শতাংশের বেশি ছিল মার্কিন ডলারে। ২০১৬ সালে তা ৬৫ শতাংশে নেমে আসে, আর সাম্প্রতিক আইএমএফ (IMF)-এর ডেটা অনুযায়ী তা এখন ৫৮ শতাংশেরও নিচে। ডলারের ওপর এই অনাস্থার কারণে গ্লোবাল সাউথের দেশগুলো এখন আমেরিকার ট্রেজারি বিল (ঋণপত্র) বিক্রি করে দিয়ে পাগলের মতো সোনা কিনছে। ২০২২ এবং ২০২৩ সালে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো রেকর্ড পরিমাণ (বছরে এক হাজার টনের বেশি) সোনা কিনেছে, যা ডলারের আধিপত্য কমার সবচেয়ে বড় সিগন্যাল।

ব্রিকস (BRICS) এবং বিকল্প অর্থনৈতিক জোট:

ডলারের কফিনে সবচেয়ে বড় পেরেকটি ঠুকছে ব্রিকস জোট। ২০১৪ সালের পর থেকে আমেরিকা যেভাবে সুইফট (SWIFT) সিস্টেমকে অস্ত্র হিসেবে ব্যবহার করে রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, তা দেখে বাকি দুনিয়া বুঝে গেছে—ডলারের ওপর নির্ভরশীল থাকাটা কতটা বিপজ্জনক। ফলে চীন ও রাশিয়ার মধ্যকার বাণিজ্যের প্রায় ৯০ শতাংশই এখন হচ্ছে ইউয়ান এবং রুবলে। ভারতও রাশিয়ার কাছ থেকে রুপি দিয়ে তেল কিনছে। শুধু তাই নয়, ২০২৪ সালে ব্রিকসের সম্প্রসারণ ঘটে সংযুক্ত আরব আমিরাত (UAE), ইরান ও মিশরের মতো বৃহৎ জ্বালানি উৎপাদক দেশগুলো এই জোটে যুক্ত হয়েছে। তারা এখন ‘ব্রিকস পে’ (BRICS Pay) বা নিজস্ব ব্লকচেইন ভিত্তিক পেমেন্ট সিস্টেম আনছে, যা সুইফট-এর বিকল্প হিসেবে কাজ করবে।

পেট্রো ডলার চুক্তির অবসান:

সবচেয়ে বড় এবং ঐতিহাসিক ধাক্কাটি এসেছে সম্প্রতি। ১৯৭৪ সালে সৌদি আরবের সাথে আমেরিকার যে ৫০ বছর মেয়াদী পেট্রো ডলার চুক্তি হয়েছিল, ২০২৪ সালের ৯ জুন তার মেয়াদ শেষ হয়েছে এবং সৌদি আরব তা আর নবায়ন করেনি! তারা এখন চীনা ইউয়ান, ইউরো এবং অন্যান্য মুদ্রাতেও তেল বিক্রি করতে প্রকাশ্যেই রাজি হয়েছে। এমনকি সৌদি আরব ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস (BIS)-এর ‘এম-ব্রিজ’ (Project mBridge) প্রজেক্টে যুক্ত হয়েছে, যা মূলত ডলারকে পাশ কাটিয়ে ক্রস-বর্ডার ডিজিটাল কারেন্সি লেনদেনের একটি প্ল্যাটফর্ম। এটি পেট্রো ডলারের মৃত্যুঘণ্টা ছাড়া আর কিছুই নয়।

আমেরিকার অভ্যন্তরীণ ঋণের পাহাড়:

বাইরের চাপের পাশাপাশি আমেরিকার নিজস্ব অর্থনীতির ছাদও ধসে পড়ছে। আমেরিকার মাথার ওপর এখন ৩৫ ট্রিলিয়ন ডলারেরও বেশি ঋণের বোঝা। এর চেয়েও ভয়ংকর তথ্য হলো—এই বিশাল ঋণের শুধু সুদ টানতেই আমেরিকাকে বছরে ১ ট্রিলিয়ন ডলারের বেশি খরচ করতে হচ্ছে, যা তাদের বার্ষিক প্রতিরক্ষা বাজেটের চেয়েও বেশি! এই ঋণের সুদ মেটাতে গিয়ে তাদের আরও বেশি টাকা ছাপাতে হবে, যার ফলে ডলারের মান আরও কমবে এবং বিশ্ববাজারে মুদ্রাস্ফীতি বাড়বে।

ভবিষ্যতে কী হতে যাচ্ছে সামনে?

বিখ্যাত আর্থিক প্রতিষ্ঠান ও ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডলার হয়তো কাল সকালেই মুছে যাবে না, তবে বিশ্ব অর্থনীতিতে যা হতে যাচ্ছে তা হলো:

মাল্টি-কারেন্সি বা বহুমুদ্রা ব্যবস্থা:

পৃথিবী আর কোনো একক মুদ্রার ওপর ভরসা করবে না। বিশ্ববাণিজ্য বিভিন্ন আঞ্চলিক ব্লকে (Regional Blocs) ভাগ হয়ে যাবে। এশিয়াতে ইউয়ান বা রুপি, মধ্যপ্রাচ্যে পেট্রো-ইউয়ান এবং অন্যত্র স্থানীয় মুদ্রায় বাণিজ্য একটি স্বাভাবিক নিয়মে পরিণত হবে।

নিষেধাজ্ঞা বা স্যাংশনের মৃত্যু:

আমেরিকা চাইলেই আর কোনো দেশকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে ভাতে মারতে পারবে না। কারণ, লেনদেনগুলো আর আমেরিকার সুইফট বা নিউইয়র্কের ব্যাংকিং চ্যানেল হয়ে যাবে না। ফলে সিআইএ বা মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রেজিম চেঞ্জ’ বা সরকার পতনের খেলাগুলো অনেকটাই অকেজো হয়ে পড়বে।

কমোডিটি-ব্যাকড কারেন্সি:

শুধু হাওয়ার ওপর ছাপা কাগজের নোটের দিন শেষ হয়ে আসছে। ভবিষ্যতের মুদ্রাগুলো আবারও সোনা, তেল বা খনিজ সম্পদের মতো বাস্তব সম্পদের (Commodity-backed) ওপর ভিত্তি করে তৈরি হবে।

পেট্রো ডলার দীর্ঘকাল আমেরিকাকে দুনিয়ার মোড়ল বানিয়ে রেখেছিল ঠিকই, কিন্তু এর জন্য বিশ্বকে চরম মূল্য দিতে হয়েছে লাখ লাখ মানুষের জীবন, যুদ্ধ আর মানবিক বিপর্যয় দিয়ে। আমেরিকা স্রেফ কাগজ ছাপিয়ে সেই টাকা দিয়ে একের পর এক দেশে যুদ্ধের অর্থায়ন করেছে। বিশ্ব যদি সত্যিই ডলারের এই শেকল থেকে পুরোপুরি বের হতে পারে, তবে দীর্ঘমেয়াদে হয়তো একটি একচেটিয়া পরাশক্তিহীন, আরও একটু ন্যায়সঙ্গত এবং শান্তিপূর্ণ বহুমেরুর (Multipolar) পৃথিবীর জন্ম হতে আমরা দেখতে পাব।

 

তথ্যসূত্র:

১. The Hidden Hand of American Hegemony: Petrodollar Recycling and International Markets — David S. Spiro (পেট্রো ডলার রিসাইক্লিংয়ের পেছনের রাজনীতি ও মার্কিন প্রভাব নিয়ে সবচেয়ে প্রামাণ্য গ্রন্থ)।

২. Confessions of an Economic Hit Man — John Perkins (কীভাবে মার্কিন গোয়েন্দা ও অর্থনৈতিক সংস্থাগুলো উন্নয়নশীল দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলে নিয়ন্ত্রণ করে, তার ভেতরের বয়ান)।

৩. The Nixon Shock — ১৯৭১ সালের ১৫ আগস্টের ঐতিহাসিক ঘোষণা এবং ব্রেটন উডস ব্যবস্থার পতন সম্পর্কিত ইউএস হিস্টোরিক্যাল আর্কাইভের নথিপত্র।

৪. De-dollarization and the Global Financial System — আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এবং ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (WGC) সাম্প্রতিক প্রতিবেদন (যেখানে গ্লোবাল রিজার্ভ কারেন্সি হিসেবে ডলারের পতন ও সোনার মজুত বৃদ্ধির ডাটা দেওয়া হয়েছে)।

৫. A Century of War: Anglo-American Oil Politics and the New World Order — F. William Engdahl (তেলের ভূ-রাজনীতি এবং মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের ঐতিহাসিক বিশ্লেষণ)।

আরও দেখুন:

শেয়ার করুন: Facebook X WhatsApp LinkedIn

প্রেস ডেস্ক, সুফি ফারুক ইবনে আবুবকর এর অফিস

সুফি ফারুক ইবনে আবুবকর এর নিজের সকল লেখা, শুভেচ্ছা, স্মরণ ইত্যাদি এই ডেস্ক থেকে প্রকাশিত হয়।

সুফি ফারুক ইবনে আবুবকর

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ। ইতিহাস, রাজনীতি, প্রযুক্তি ও উন্নয়ন নিয়ে লেখালেখি।

যোগাযোগ

কুমারখালী বাস স্ট্যান্ড, দুর্গাপুর, কুমারখালী।
+৮৮০ (১৭) ৬৩০৩৮,৬৩০৩৯।contact@sufifaruq.com

© ২০২৬ সুফি ফারুক ইবনে আবুবকর। সর্বস্বত্ব সংরক্ষিত।