CIO সিরিজ সূচি । CIO সিরিজ

দীর্ঘদিন তথ্যপ্রযুক্তি খাতে ফুল-টাইম কাজ করার পর জীবনটাকে একটা নতুন মোড়ে নিয়ে এলাম। মাল্টিন্যাশনাল কোম্পানির আইটি প্রধানের চাকরিটা ছেড়ে দিয়ে নিজের উদ্যোগে কাজ শুরু করলাম। চেনা গণ্ডি থেকে এই বের হয়ে আসাকে আমি বলি আমার জীবনের ‘প্রথম ইনিংস’ থেকে অবসর।

পেছনে তাকালে মনে হয়, আইটি খাতের প্রায় সবকটি স্তরই ছোঁয়া হয়েছে। শুরুটা করেছিলাম সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, পুরোপুরি টেকনিক্যাল কাজ দিয়ে। একটা সময় কম্পিউটার ব্যবসাও করেছি। এর পাশাপাশি আইটি নিয়ে বই লেখা আর শিক্ষার্থীদের পড়ানোর কাজটাও চলেছে সমানতালে। ক্যারিয়ারের পরের দিকে যুক্ত হই আইটি ম্যানেজমেন্ট বা তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপনায়। সেখানেও বেশ লম্বা সময় পার করার পর অবশেষে সিদ্ধান্ত নিলাম কর্পোরেট লাইফ থেকে বিদায় নেওয়ার।

এই দ্বিতীয় ইনিংসে এখন কাজ করছি নিজের গড়া উদ্যোগগুলো নিয়ে। পাশাপাশি সামাজিক সংগঠন ও রাজনীতির সাথে যুক্ত হয়েছি। আর নিজের জানার আগ্রহ থেকে নতুন করে পড়াশোনা করার চেষ্টা করছি।

আইটি জগত থেকে প্রাতিষ্ঠানিক দূরত্ব তৈরি হলেও একটা যোগাযোগ রয়েই গেছে। আমার পুরোনো পাঠক আর শিক্ষার্থীরা প্রায়ই অনুরোধ করেন তথ্যপ্রযুক্তি নিয়ে আবার লিখতে। কিন্তু আইটি এমন একটা বিষয়, যেখানে নিয়মিত প্র্যাকটিসে না থাকলে কথা বলা বা লেখা কঠিন। মাঝখানে গ্যাপ পড়ে যাওয়ায় আমার লেখা এখন পাঠকদের কতটা উপকারে আসবে, তা নিয়ে আমার নিজের মধ্যেও কিছুটা দ্বিধা কাজ করে।

জীবনের শুরুর দিকে যখন নেটওয়ার্কিং আর লিনাক্স নিয়ে দিনরাত কাজ করতাম, তখন সেসব নিয়েই নিয়মিত লিখতাম। এরপর যখন আইটি ম্যানেজমেন্টে এলাম, লেখার বিষয়ও বদলে গেল। কিন্তু একজন সিআইও বা তথ্যপ্রযুক্তি প্রধানের ওপর যে পরিমাণ কাজের চাপ থাকে, তাতে লেখার মতো মানসিক ফুরসত পাওয়া মুশকিল ছিল। তার ওপর মাল্টিন্যাশনাল কোম্পানির কর্পোরেট অ্যাফেয়ার্স থেকে লেখা অনুমোদন করিয়ে নেওয়ার একটা বাধ্যবাধকতা ছিল। ফলে সমসাময়িক কোনো বিষয় নিয়ে চট করে লেখা বা মতামত দেওয়া যেত না। এসব কারণেই একসময় আইটি নিয়ে লেখালেখি পুরোপুরি বন্ধ হয়ে যায়।

তবে আমার কারিগরি পাঠকদের টানা অনুরোধে আবারও লেখার চেষ্টা করছি। ব্যস্ততার মাঝে কতটা নিয়মিত হতে পারব জানি না, তবে আপনাদের কোনো নির্দিষ্ট বিষয়ে জানার আগ্রহ বা অনুরোধ থাকলে তা নিয়ে অবশ্যই লিখব। নিজের দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করার লক্ষ্য নিয়েই এই ‘CIO সিরিজ’ শুরু করলাম।

দেখুন: