‘আমার সংস্কৃতি কী?’—তরুণ বয়সে এই প্রশ্নটি আমাদের কাছে খুব একটা জরুরি মনে না হলেও, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের প্রায় প্রতিটি মানুষই এই মৌলিক জিজ্ঞাসার মুখোমুখি। দীর্ঘদিনের ধর্মভিত্তিক রাজনীতি, সুপরিকল্পিত ইতিহাস বিকৃতি এবং সংকীর্ণ স্বার্থে তৈরি করা কৃত্রিম বয়ান (Narrative) কেবল পরিস্থিতিকেই ঘোলাটে করেনি, বরং আমাদের অনেকের আত্মপরিচয়কেও প্রশ্নবিদ্ধ করেছে। ফলে এক ধরণের গভীর আত্মপরিচয়ের সংকটে ভুগছেন অনেকেই।
এই অস্থির সময়ে—কেউ বিভ্রান্ত, কেউবা সন্দিহান। খুব কম মানুষের মধ্যেই একটি সুগঠিত ও স্বচ্ছ সাংস্কৃতিক দর্শন কাজ করে। অর্থাৎ, “যা তিনি চর্চা করেন বা করেন না” অথবা “যা তিনি পছন্দ করেন বা করেন না”—সেটিকে দ্বিধাহীনভাবে একটি যৌক্তিক ভিত্তির ওপর দাঁড় করাতে পারেন, এমন মানুষের সংখ্যা আজ নগণ্য। বিশেষ করে কিছু অনুজের সাথে আলাপচারিতায় আমার মনে হয়েছে, তাদের এই অন্তর্দ্বন্দ অত্যন্ত বাস্তব, অস্বস্তিকর এবং এক ধরণের অসহায়ত্বের নামান্তর। তাদের এই মানসিক জড়তা ও দ্বিধা নিরসনে কিছুটা সহযোগিতা করাই আমার এই সিরিজের মূল উদ্দেশ্য।
আমি কারো সংস্কৃতি নির্ধারণ করে দেব না, কাউকে প্রভাবিত করার অভিপ্রায়ও আমার নেই। আমি কেবল আপনাকে আমার ভাবনার আঙিনায় বা আমার সংস্কৃতির বাগানে একবার পরিভ্রমণ করাব। উদ্দেশ্য একটাই—আপনাকে ভাবতে সাহায্য করা; যাতে সেই ভাবনার পথ ধরে আপনি আপনার নিজস্ব সাংস্কৃতিক শেকড়টি খুঁজে পেতে পারেন।
এই সিরিজে আমরা আলাপ করব—ভাষা, ধর্ম, সাহিত্য, সঙ্গীত, শিল্পকলা ও সামাজিক আচারসহ সংস্কৃতির প্রতিটি অনুষঙ্গ নিয়ে। আপাতত আমি বিষয়গুলো ছোট ছোট খণ্ডে বিভক্ত করে লিখব এবং সময়ের সাথে সাথে সব পর্বের লিংক এখানে যুক্ত করে দেব।
আমি কোনো সাংস্কৃতিক বিদগ্ধজন বা দিকপাল নই। তাই আমি যা বলছি বা বলব, তা কোনো ধ্রুব মানদণ্ড হিসেবে মেনে নেওয়ার প্রয়োজন নেই। বরং এটিকে এভাবে দেখতে পারেন যে, আমি আমার সংঘাত ও সংশয়গুলো আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। আসুন, আমাদের সামষ্টিক সংশয়গুলো নিয়ে আলাপ করি এবং সত্যের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করি।
এই সিরিজের লেখা:
- আমার ভাষা | আমার সংস্কৃতি সিরিজ
- সমস্যাটা উর্দু ভাষায় নয়, সমস্যাটা পাকিস্তান সিন্ড্রোমে | আমার সংস্কৃতি সিরিজ
- বৈশাখের বর্ষবরণ উৎসব: কাদের জন্য, আর কাদের জন্য নয়? | আমার সংস্কৃতি সিরিজ
- ডানপন্থী-প্রতিক্রিয়াশীলরা কেন শিল্প-সংস্কৃতিকে কিছুই দিতে পারেন না? | আমার সংস্কৃতি সিরিজ
- উর্দু সিন্ড্রোম বনাম উর্দু ভাষার প্রতি আমার দৃষ্টিভঙ্গি | আমার সংস্কৃতি সিরিজ
- বাংলাদেশের তরুণদের উপর আসলে কোন সংস্কৃতিক হেজিমনি চলছে? | আমার সংস্কৃতি সিরিজ
- হাজার বছরের সংস্কৃতি মানে কী? | আমার সংস্কৃতি সিরিজ
