স্যার মুহাম্মদ ইকবাল, যিনি বিশ্বসাহিত্যে ‘আল্লামা ইকবাল’ (৯ নভেম্বর ১৮৭৭ – ২১ এপ্রিল ১৯৩৮) নামে সমধিক পরিচিত, ছিলেন বিংশ শতাব্দীর প্রথম ভাগের অন্যতম প্রভাবশালী কবি, চিন্তক ও দার্শনিক। অবিভক্ত ভারতের শিয়ালকোটে এক কাশ্মীরি বংশোদ্ভূত পরিবারে তাঁর জন্ম। কেমব্রিজ ও মিউনিখ বিশ্ববিদ্যালয় থেকে দর্শন ও আইনের উচ্চতর ডিগ্রি নেওয়া এই মানুষটি প্রাচ্য ও পাশ্চাত্যের দর্শনকে খুব কাছ থেকে অবলোকন করেছিলেন। উর্দুর পাশাপাশি ফার্সি সাহিত্যেও তাঁর সমান দখল ছিল। ঊনবিংশ শতাব্দীর শেষভাগে যখন ভারতীয় উপমহাদেশের মুসলিম সমাজ এক চরম রাজনৈতিক ও সাংস্কৃতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন ইকবালের কবিতা এক দার্শনিক পুনর্জাগরণের ডাক দেয়। ১৯৩৮ সালে লাহোরে যখন তিনি মারা যান, ততদিনে তিনি শুধু একজন কবি নন, বরং একটি রাজনৈতিক ও ধর্মীয় দর্শনের মূল রূপকার হিসেবে ইতিহাসে নিজের নাম খোদাই করে গেছেন।
আল্লামা ইকবাল ও আমার বৈপরীত্যের হিসাব
ব্যক্তিগতভাবে আল্লামা ইকবাল আমার পছন্দের কবি নন। এর মূল কারণ তাঁর রাজনৈতিক, ধর্মীয় ও জাতীয়তাবাদ বিষয়ক কিছু পরস্পরবিরোধী অবস্থান। সময়ের সাথে চিন্তার বিবর্তন, ভিন্ন প্রেক্ষাপটে লেখা কিংবা কাব্যিক রূপকের টানাপোড়েনকে হিসাবে রাখলেও, তাঁর কিছু আদর্শিক স্ববিরোধিতা আমাকে দূরুত্ব বজায় রাখতে বাধ্য করে। উদাহরণস্বরূপ তাঁর এই বিখ্যাত শেরটির কথাই ধরা যাক:
“ইন ত্যাজা খুদাও মে বড়া সবসে ওয়াতান হ্যায় / জো পিরাহান ইসকা হ্যায় ও মাজহাব কা কাফন হ্যায়”
যার সহজ অর্থ—আধুনিক দেবতাদের মধ্যে সবচেয়ে বড় দেবতা হলো ‘জাতিরাষ্ট্র’; আর এই ধারণার পোশাকটি আসলে ধর্মের কাফন দিয়ে তৈরি। অথচ মজার বিষয় হলো, যে মানুষটি একসময় জাতিরাষ্ট্রের এই ধারণাকে ধর্মের পরিপন্থী বলে তীব্র সমালোচনা করেছিলেন, পরবর্তীতে তিনিই আবার ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে একটি পৃথক ভূখণ্ডের (যা প্রকারান্তরে আরেকটি জাতিরাষ্ট্রই) অন্যতম প্রধান তাত্ত্বিক রূপকার হয়ে উঠলেন।
অবশ্য আমার মতো সাধারণ পাঠকের এই ব্যক্তিগত পছন্দ-অপছন্দে ইকবালের ঐতিহাসিক উচ্চতা এক চুলও খাটো হয় না। উর্দু সাহিত্যে ও দর্শনে তাঁর অবদান অনস্বীকার্য। উর্দু আদব নিয়ে লিখতে গেলে কোনোভাবেই তাঁর নাম বাদ দেওয়া যায় না। মূলত সেই দায়বদ্ধতা থেকেই ‘অসুরের সুরলোকযাত্রা’ সিরিজের আজকের পাতায় আল্লামা ইকবালের শায়েরির এই আয়োজন।
আল্লামা ইকবালের নির্বাচিত শের-শায়েরি
ইকবালের দর্শন কেবল প্রেম-বিরহের গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না; তাঁর প্রতিটি পঙক্তি ছিল মানুষের আত্মোপলব্ধি (খুদি) এবং কর্মের আহ্বান। চলুন, তাঁর কিছু বহুল পঠিত শের দেখে নেওয়া যাক:
১.
اردو: مانا کہ تیری دید کے قابل نہیں ہوں میں
تو میرا شوق دیکھ میرا انتظار دیکھ
Roman: maanā ki terī diid ke qābil nahīñ huuñ maiñ
tū merā shauq dekh mirā intizār dekh
বাংলা: মানলাম যে আমি তোমার ঐশ্বরিক দর্শনের যোগ্য নই,
কিন্তু তুমি আমার আকুলতা দেখো, আমার দীর্ঘ প্রতীক্ষা দেখো।
২.
اردو: خودی کو کر بلند اتنا کہ ہر تقدیر سے پہلے
خدا بندے سے خود پوچھے بتا تیری رضا کیا ہے
Roman: ḳhudī ko kar buland itnā ki har taqdīr se pahle
ḳhudā bande se ḳhud pūchhe batā terī razā kyā hai
বাংলা: নিজের আত্মাকে (খুদি) এতখানি উচ্চে নিয়ে যাও, যেন প্রতিটি ভাগ্যলিপির আগে
ঈশ্বর স্বয়ং বান্দাকে জিজ্ঞেস করেন—বলো, তোমার ইচ্ছাটা কী?
৩.
اردو: ہزاروں سال نرگس اپنی بے نوری پہ روتی ہے
بڑی مشکل سے ہوتا ہے چمن میں دیدہ ور پیدا
Roman: hazāroñ saal nargis apnī be-nūrī pe rotī hai
baḌī mushkil se hotā hai chaman meñ dīda-var paidā
বাংলা: হাজার বছর ধরে নার্গিস ফুল নিজের আলোহীনতার জন্য রোদন করে,
বড্ড কঠিনভাবে (বহু সাধনায়) তবেই এই বাগানে কোনো সমঝদার বা দূরদর্শী জন্ম নেয়।
৪.
اردو: تو شاہیں ہے پرواز ہے کام تیرا
تیرے سامنے آسماں اور بھی ہیں
Roman: tū shāhīñ hai parvāz hai kaam terā
tire sāmne āsmāñ aur bhī haiñ
বাংলা: তুমি তো বাজপাখি (শাহীন), ডানা মেলে উড়ে চলাই তোমার কাজ;
(ভেবো না এটাই শেষ) তোমার সামনে এখনও আরও বহু আকাশ বাকি আছে।
৫.
اردو: نہیں تیرا نشیمن قصر سلطانی کے گنبد پر
تو شاہیں ہے بسیرا کر پہاڑوں کی چٹانوں میں
Roman: nahīñ terā nasheman qasr-e-sultānī ke gumbad par
tū shāhīñ hai baserā kar pahāḌoñ kī chaTānoñ meñ
বাংলা: রাজকীয় প্রাসাদের গম্বুজের ওপর তোমার বাসা হওয়া উচিত নয়;
তুমি তো বাজপাখি, যাও পাহাড়ের রুক্ষ চাটানে গিয়ে নিজের আস্তানা গড়ো।
৬.
اردو: ستاروں سے آگے جہاں اور بھی ہیں
ابھی عشق کے امتحاں اور بھی ہیں
Roman: sitāroñ se aage jahāñ aur bhī haiñ
abhī ishq ke imtihāñ aur bhī haiñ
বাংলা: ওই নক্ষত্রগুলোর ওপারেও আরও জগত রয়ে গেছে,
ভালোবাসার কঠিন পরীক্ষা তো এখনও অনেক বাকি আছে।
৭.
اردو: مسجد تو بنا دی شب بھر میں ایماں کی حرارت والوں نے
من اپنا پرانا پاپی ہے برسوں میں نمازی بن نہ سکا
Roman: masjid to banā dī shab bhar meñ īmāñ kī harārat vāloñ ne
man apnā purānā paapī hai barsoñ meñ namāzī ban na sakā
বাংলা: ইমানের উত্তাপে রাতারাতি মসজিদ তো গড়ে তুলল মানুষ;
কিন্তু এই মনটা এক পুরনো পাপী, বছরের পর বছর কেটে গেলেও তা নামাজি হতে পারল না।
৮.
اردو: اپنے من میں ڈوب کر پا جا سراغ زندگی
تو اگر میرا نہیں بنتا نہ بن اپنا تو بن
Roman: apne man meñ Duub kar pā jā surāġh-e-zindagī
tū agar merā nahīñ bantā na ban apnā to ban
বাংলা: নিজের মনের গভীরে ডুব দিয়ে জীবনের সন্ধান খুঁজে নাও;
তুমি যদি আমার কথা না-ই শোনো, অন্তত নিজের প্রতি সৎ (নিজের) তো হও!
৯.
اردو: دنیا کی محفلوں سے اکتا گیا ہوں یا رب
کیا لطف انجمن کا جب دل ہی بجھ گیا ہو
Roman: duniyā kī mahfiloñ se uktā gayā huuñ yā rab
kyā lutf anjuman کا jab dil hī bujh gayā ho
বাংলা: হে ঈশ্বর, এই দুনিয়ার কোলাহল থেকে আমি ক্লান্ত হয়ে পড়েছি;
উৎসবের আসরে আর কী আনন্দ মিলবে, যখন নিজের মনটাই নিভে গেছে?
১০.
اردو: نہیں ہے نا امید اقبال اپنی کشت ویراں سے
ذرا نم ہو تو یہ مٹی بہت زرخیز ہے ساقی
Roman: nahīñ hai nā-umīd ‘iqbāl’ apnī kisht-e-vīrāñ se
zarā nam ho to ye miTTī bahut zarḳhez ہے saaqī
বাংলা: এই উজার হয়ে যাওয়া জমি নিয়ে ‘ইকবাল’ মোটেও আশাহত নয়;
হে সাতি, সামান্য একটু জলের ছোঁয়া পেলে এই মাটি অত্যন্ত উর্বর হতে পারে।
১১.
اردو: اے طائر لاہوتی اس رزق سے موت اچھی
جس رزق سے آتی ہو پرواز میں کوتاہی
Roman: ai tā.ir-e-lāhautī us rizq se maut achchhī
jis rizq se aatī ho parvāz meñ kotāhī
বাংলা: হে স্বর্গীয় পাখি! সেই রিজিকের (খাদ্যের) চেয়ে মৃত্যুই ঢের ভালো,
যে খাদ্য তোমার স্বাধীন ডানার উড়ালকে দুর্বল বা খাটো করে দেয়।
১২.
اردو: عمل سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی
یہ خاکی اپنی فطرت میں نہ نوری ہے نہ ناری ہے
Roman: amal se zindagī bantī hai jannat bhī jahannam bhī
ye ḳhākī apnī fitrat meñ na nuurī hai na naarī hai
বাংলা: মানুষের কর্ম দিয়েই তার জীবন স্বর্গ কিংবা নরক হয়ে ওঠে;
মাটির তৈরি এই মানুষটি তার স্বভাবে না স্বর্গের আলো (নুরি), না আগুনের স্ফুলিঙ্গ (নারি)।
১৩.
اردو: نہ سمجھو گے تو مٹ جاؤ گے اے ہندستاں والو
تمہاری داستاں تک بھی نہ ہوگی داستانوں میں
Roman: na samjhoge to miT jāoge ai hindostāñ vaalo
tumhārī dāstāñ tak bhī na hogī dāstānoñ meñ
বাংলা: যদি এখনও না বোঝো, তবে তোমরা মুছে যাবে হে হিন্দুস্তানের মানুষেরা!
ইতিহাসের গল্পগুলোর মধ্যেও তোমাদের কোনো গল্পের অস্তিত্ব আর থাকবে না।
১৪.
اردو: ترے عشق کی انتہا چاہتا ہوں
مری سادگی دیکھ کیا چاہتا ہوں
Roman: tire ishq kī intihā chāhtā huuñ
mirī sādgī dekh kyā chāhtā huuñ
বাংলা: আমি তোমার ভালোবাসার চরম সীমানা ছুঁতে চাই;
আমার সরলতাটুকু দেখো—আমি আসলে কী অবাস্তব জিনিস চাইছি!
১৫.
اردو: وجود زن سے ہے تصویر کائنات میں رنگ
اسی کے ساز سے ہے زندگی کا سوز دروں
Roman: vajūd-e-zan se hai tasvīr-e-kā.enāt meñ rañg
isī ke saaz se hai zindagī kā soz-e-darūñ
বাংলা: নারীর অস্তিত্ব দিয়েই মহাবিশ্বের ক্যানভাসে রঙের মেলা,
তাঁর হৃদয়ের সুর থেকেই জীবনের গভীরতম আবেগের সৃষ্টি।
১৬.
اردو: نشہ پلا کے گرانا تو سب کو آتا ہے
مزہ تو جب ہے کہ گرتوں کو تھام لے ساقی
Roman: nasha pilā ke girānā to sab ko aatā hai
mazā to jab hai ki girtoñ ko thaam le saaqī
বাংলা: মদ খাইয়ে কাউকে মাটিতে ফেলে দেওয়া তো যে কেউই পারে,
আসল কৃতিত্ব তো তখনই, যখন কেউ পতনোন্মুখ মানুষকে টেনে ধরে, হে সাকি!
১৭.
اردو: دل سے جو بات نکلتی ہے اثر رکھتی ہے
پر نہیں طاقت پرواز مگر رکھتی ہے
Roman: dil se jo baat nikaltī hai asar rakhtī hai
par nahiñ tāqat-e-parvāz magar rakhtī hai
বাংলা: হৃদয় থেকে যে কথাটি বের হয়, তা গভীর প্রভাব ফেলে;
যদিও তার কোনো ডানা নেই, তবুও তা আকাশে ওড়ার ক্ষমতা রাখে।
১৮.
اردو: مذہب نہیں سکھاتا آپس میں بیر رکھنا
ہندی ہیں ہم وطن ہے ہندوستاں ہمارا
Roman: maz.hab nahīñ sikhātā aapas meñ bair rakhnā
hindī haiñ ham vatan hai hindostāñ hamārā
বাংলা: ধর্ম কখনো নিজেদের মধ্যে শত্রুতা বা বৈরিতা শেখায় না;
আমরা হিন্দি (ভারতীয়) এবং আমাদের জন্মভূমি এই হিন্দুস্তান।
১৯.
اردو: فقط نگاہ سے ہوتا ہے فیصلہ دل کا
نہ ہو نگاہ میں شوخی تو دلبری کیا ہے
Roman: faqat nigāh se hotā hai faisla dil kā
na ho nigāh meñ shoḳhī to dilbarī kyā hai
বাংলা: স্রেফ চোখের দৃষ্টি দিয়েই হৃদয়ের চূড়ান্ত ফয়সালা হয়ে যায়;
যদি চোখের চাউনিতে চঞ্চলতাই না থাকে, তবে সেই হরণ করার সৌন্দর্য কোথায়?
২০.
اردو: یوں تو سید بھی ہو مرزا بھی ہو افغان بھی ہو
تم سبھی کچھ ہو بتاؤ تو مسلمان بھی ہو
Roman: yuuñ to sayyad bhī ho mirzā bhī ho afġhān bhī ho
tum sabhī kuchh ho batāo to musalmān bhī ho
বাংলা: তোমরা বংশ পরিচয়ে সৈয়দ হতে পারো, মির্জা হতে পারো, কিংবা আফগান;
তোমরা জাগতিক সবকিছুই হলে, কিন্তু সত্যি করে বলো তো—তোমরা কি মানুষ (মুসলমান) হতে পেরেছ?
২১.
اردو: عقابی روح جب بیدار ہوتی ہے جوانوں میں
نظر آتی ہے ان کو اپنی منزل آسمانوں میں
Roman: uqābī ruuh jab bedār hotiī hai javānoñ meñ
nazar aatī hai un ko apnī manzil āsmānoñ meñ
বাংলা: ঈগলের মতো তেজোদ্দীপ্ত আত্মা যখন তরুণদের মাঝে জেগে ওঠে,
তখন তারা নিজেদের গন্তব্য মাটির বুকে নয়, বরং আসমানে দেখতে পায়।
২২.
اردو: اچھا ہے دل کے ساتھ رہے پاسبان عقل
لیکن کبھی کبھی اسے تنہا بھی چھوڑ دے
Roman: achchhā hai dil ke saath rahe pāsbān-e-aql
lekin kabhī kabhī ise tanhā bhī chhoḌ de
বাংলা: এটি ভালো যে হৃদয়ের সুরক্ষার জন্য বুদ্ধি (আকল) পাহারাদার হিসেবে থাকে,
তবে মাঝেমধ্যে হৃদয়কে একটু একাকীও ছেড়ে দেওয়া উচিত।
২৩.
اردو: بے خطر کود پڑا آتش نمرود میں عشق
عقل ہے محو تماشائے لب بام ابھی
Roman: be-ḳhatar kuud paḌā ātish-e-namrūd meñ ishq
aql hai mahv-e-tamāshā-e-lab-e-bām abhī
বাংলা: কোনো ভয় ছাড়াই নমরুদের অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়েছিল এই প্রেম (ইশকে হাকিকি),
আর ওদিকে বুদ্ধি (আকল) এখনও ছাদের কার্নিশে দাঁড়িয়ে তামাশা দেখায় মগ্ন!
২৪.
اردو: جس کھیت سے دہقاں کو میسر نہیں روزی
اس کھیت کے ہر خوشہ گندم کو جلا دو
Roman: jis khet se dahqāñ ko mayassar nahīñ rozī
us khet ke har ḳhosha-e-gandum ko jalā do
বাংলা: যে ক্ষেত থেকে একজন দরিদ্র কৃষক নিজের অন্নসংস্থান করতে পারে না,
সেই ক্ষেতের প্রতিটি গমের শীষকে পুড়িয়ে ছাই করে দাও!
২৫.
اردو: غلامی میں نہ کام آتی ہیں شمشیریں نہ تدبیریں
جو ہو ذوق یقیں پیدا تو کٹ جاتی ہیں زنجیریں
Roman: ġhulāmī meñ na kaam aatī haiñ shamshīreñ na tadbīreñ
jo ho zauq-e-yaqīñ paidā to kaT jaatī haiñ zanjīreñ
বাংলা: দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকলে কোনো তলোয়ার কিংবা কৌশল কাজে আসে না;
কিন্তু যদি মনের ভেতর বিশ্বাসের তীব্র তাড়না জাগে, তবে লোহার শিকলও নিজে থেকেই কেটে যায়।
২৬.
اردو: یقیں محکم عمل پیہم محبت فاتح عالم
جہاد زندگانی میں ہیں یہ مردوں کی شمشیریں
Roman: yaqīñ mohkam amal paiham mohabbat fātah-e-ālam
jihād-e-zindagānī meñ haiñ ye mardoñ kī shamshīreñ
বাংলা: সুদৃঢ় বিশ্বাস, অবিরাম প্রচেষ্টা আর বিশ্বজয়ী ভালোবাসা—
জীবনের এই মহাসংগ্রামে এগুলোই হলো মানুষের প্রধান হাতিয়ার বা তলোয়ার।
২৭.
اردو: حرم پاک بھی اللہ بھی قرآن بھی ایک
کچھ بڑی بات تھی ہوتے جو مسلمان بھی ایک
Roman: haram-e-pāk bhī allāh bhī qur.ān bhī ek
kuchh baḌī baat thī hote jo musalmān bhī এক
বাংলা: পবিত্র হারাম শরীফও এক, আল্লাহও এক, আবার কুরআনও এক;
এতই যখন মিল, তবে মানুষগুলো নিজেরা এক হতে পারল না—এটিই তো বড় আক্ষেপের কথা!
২৮.
اردو: بتوں سے تجھ کو امیدیں خدا سے ناامیدی
مجھے بتا تو سہی اور کافری کیا ہے
Roman: butoñ se tujh ko umīdeñ ḳhudā se naumīdī
mujhe batā to sahī aur kāfirī kyā hai
বাংলা: মাটির মূর্তিগুলোর প্রতি তোমার এত আশা, আর স্বয়ং ঈশ্বরের প্রতি চরম অবিশ্বাস!
তুমিই আমাকে বলো, এর চেয়ে বড় নাস্তিকতা (কাফিরি) আর কী হতে পারে?
২৯.
اردو: وطن کی فکر کر ناداں مصیبت آنے والی ہے
تری بربادیوں کے مشورے ہیں آسمانوں میں
Roman: vatan kī fikr kar nādāñ musībat aane vaalī hai
tirī barbādiyoñ ke mashvare haiñ āsmānoñ meñ
বাংলা: নিজের জন্মভূমি নিয়ে একটু ভাবো হে অবুঝ, বড় বিপদ ঘনিয়ে আসছে;
তোমার বিনাশের মন্ত্রণা তো ইতিমধ্যেই আসমানের মেঘে মেঘে রটে গেছে।
৩০.
اردو: جو میں سر بسجدہ ہوا کبھی تو زمیں سے آنے لگی صدا
ترا دل تو ہے صنم آشنا تجھے کیا ملے گا نماز میں
Roman: jo maiñ sar-ba-sajdā huā kabhī to zamīñ se aane lagī sadā
tirā dil to hai sanam-āshnā tujhe kya milegā namāz meñ
বাংলা: যখনই আমি সেজদাহ অবনত হলাম, মাটি থেকে এক অদৃশ্য আওয়াজ ভেসে এল—
তোমার হৃদয় তো দুনিয়ার মোহে (মূর্তিতে) মগ্ন, এই নামাজ থেকে তুমি আর কী-ই বা পাবে?
৩১.
اردو: جمہوریت اک طرز حکومت ہے کہ جس میں
بندوں کو گنا کرتے ہیں تولا نہیں کرتے
Roman: jamhūriyat ik tarz-e-hukūmat hai ki jis meñ
bandoñ ko ginā karte haiñ taulā nahīñ karte
বাংলা: গণতন্ত্র হলো এমন এক শাসনব্যবস্থা যেখানে,
মানুষের মাথার সংখ্যা গোনা হয়, তাদের যোগ্যতার পরিমাপ (ওজন) করা হয় না।
৩২.
اردو: تمنا درد دل کی ہو تو کر خدمت فقیروں کی
نہیں ملتا یہ گوہر بادشاہوں کے خزینوں میں
Roman: tamannā dard-e-dil kī ho to kar ḳhidmat faqīroñ kī
nahīñ miltā ye gauhar bādshāhoñ ke ḳhazīnoñ meñ
বাংলা: যদি হৃদয়ে প্রকৃত অনুভূতির আকাঙ্ক্ষা থাকে, তবে দরবেশদের সেবা করো;
এই অমূল্য রত্নটি রাজাদের বিশাল কোষাগারেও কোনোদিন খুঁজে পাবে না।
৩৩.
اردو: نگہ بلند سخن دلنواز جاں پر سوز
یہی ہے رخت سفر میر کارواں کے لیے
Roman: nigah buland suḳhan dil-navāz jaañ pur-soz
yahī hai raḳht-e-safar mīr-e-kārvāñ ke liye
বাংলা: দূরদর্শী দৃষ্টি, হৃদয়স্পর্শী বাক্য আর প্রাণবন্ত আবেগ—
একজন দলনেতা বা কাফেলার আমিরের জন্য এগুলোই হলো যাত্রাপথের প্রধান সম্বল।
৩৪.
اردو: ترے آزاد بندوں کی نہ یہ دنیا نہ وہ دنیا
یہاں مرنے کی پابندی وہاں جینے کی پابندی
Roman: tire āzād bandoñ kī na ye duniyā na vo duniyā
yahāñ marne kī pābandī vahāñ jiine kī pābandī
বাংলা: তোমার এই স্বাধীনচেতা বান্দাদের জন্য এই দুনিয়াও নয়, ওই জগতও নয়;
এখানে মরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা, আর ওখানে কেবল বেঁচে থাকারই বাধ্যবাধকতা।
৩৫.
اردو: حیا نہیں ہے زمانے کی آنکھ میں باقی
خدا کرے کہ جوانی تری رہے بے داغ
Roman: hayā nahīñ hai zamāne kī aañkh meñ baaqī
ḳhudā kare ki javānī tirī rahe be-dāġh
বাংলা: এই জমানার চোখে আর কোনো পরিমিতিবোধ বা লজ্জা অবশিষ্ট নেই;
ঈশ্বর করুন, তোমার এই তারুণ্য যেন সমস্ত পঙ্কিলতার ঊর্ধ্বে (বেদাগ) থাকে।
৩৬.
اردو: علم میں بھی سرور ہے لیکن
یہ وہ جنت ہے جس میں حور نہیں
Roman: ilm meñ bhī surūr hai lekin
ye vo jannat hai jis meñ huur nahīñ
বাংলা: নিছক পুঁথিগত জ্ঞানের মধ্যেও এক ধরনের আনন্দ (সুরূর) লুকিয়ে আছে,
কিন্তু এটি এমন এক নীরস স্বর্গ, যেখানে কোনো প্রাণ বা সৌন্দর্য (হুর) নেই।
৩৭.
اردو: ڈھونڈتا پھرتا ہوں میں اقبال اپنے آپ کو
آپ ہی گویا مسافر آپ ہی منزل ہوں میں
Roman: DhūñDtā phirtā huuñ maiñ ‘iqbāl’ apne aap ko
aap hī goyā musāfir aap hī manzil huuñ maiñ
বাংলা: আমি নিজেই নিজেকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি হে ‘ইকবাল’;
অবস্থা এমন যে, আমি নিজেই এক যাযাবর পথিক, আবার আমি নিজেই নিজের গন্তব্য।
৩৮.
اردو: انداز بیاں گرچہ بہت شوخ نہیں ہے
شاید کہ اتر جائے ترے دل میں مری بات
Roman: andāz-e-bayāñ garche bahut shoḳh nahīñ hai
shāyad ki utar jaa.e tire dil meñ mirī baat
বাংলা: আমার এই প্রকাশের ভঙ্গিটি হয়তো খুব একটা চমৎকার বা চটুল নয়;
তবে আশা করি, আমার ভেতরের কথাটি অন্তত তোমার হৃদয় স্পর্শ করতে পারবে।
৩৯.
اردو: باطل سے دبنے والے اے آساں نہیں ہم
سو بار کر چکا ہے تو امتحان ہمارا
Roman: bātil se dabne vaale ai āsmāñ nahīñ ham
sau baar kar chukā hai tū imtihāñ hamārā
বাংলা: অন্যায়ের কাছে মাথা নত করার মতো মানুষ আমরা নই হে আকাশ!
তুমি তো ইতিমধ্যেই শতবার আমাদের পরীক্ষা নিয়ে দেখেছ।
৪০.
اردو: باغ بہشت سے مجھے حکم سفر دیا تھا کیوں
کار جہاں دراز ہے اب میرا انتظار کر
Roman: bāġh-e-bahisht se mujhe hukm-e-safar diyā thā kyuuñ
kār-e-jahāñ darāz hai ab mirā intizār kar
বাংলা: স্বর্গোদ্যান থেকে তবে আমাকে মর্ত্যে চলে যাওয়ার আদেশ দিয়েছিলে কেন?
এই পৃথিবীর কাজ তো বড্ড দীর্ঘ, এবার তবে আমার ফেরার জন্য একটু অপেক্ষা করো।
৪১.
اردو: تو قادر و عادل ہے مگر تیرے جہاں میں
ہیں تلخ بہت بندہ مزدور کے اوقات
Roman: tū qādir o aadil hai magar tere jahāñ meñ
haiñ talḳh bahut banda-e-mazdūr ke auqāt
বাংলা: তুমি সর্বশক্তিমান এবং পরম ন্যায়বিচারক, তা মানলাম; কিন্তু তোমার এই দুনিয়ায়
একজন খাটাখাটনি করা সাধারণ শ্রমিকের দিনকাল বড্ড বেশি তিক্ত ও নির্মম।
৪২.
اردو: آنکھ جو کچھ دیکھتی ہے لب پہ آ سکتا نہیں
محو حیرت ہوں کہ دنیا کیا سے کیا ہو جائے گی
Roman: aañkh jo kuchh dekhtī hai lab pe aa saktā nahīñ
mahv-e-hairat huuñ ki duniyā kyā se kya ho jā.egī
বাংলা: এই চোখ যা কিছু দেখছে, তা মুখে উচ্চারণ করার সাধ্য আমার নেই;
আমি স্রেফ বিস্ময়ে স্তব্ধ হয়ে দেখছি যে এই চেনা দুনিয়াটা শেষমেশ কী থেকে কী হয়ে যাচ্ছে!
৪৩.
اردو: سو سو امیدیں بندھتی ہے اک اک نگاہ پر
مجھ کو نہ ایسے پیار سے دیکھا کرے کوئی
Roman: sau sau umīdeñ bañdhtī hai ik ik nigāh par
mujh ko na aise pyaar se dekhā kare koī
বাংলা: প্রতি একক দৃষ্টির বিনিময়ে মনের ভেতর শয়ে শয়ে আশা বাসা বাঁধে;
কেউ যেন দয়া করে আমার দিকে এতটা গভীর ভালোবাসা নিয়ে না তাকায়।
৪৪.
اردو: عروج آدم خاکی سے انجم سہمی جاتے ہیں
کہ یہ ٹوٹا ہوا تارا مہ کامل نہ بن جائے
Roman: urūj-e-ādam-e-ḳhākī se anjum sahme jaate haiñ
ki ye TuuTā huā taarā mah-e-kāmil na ban jaa.e
বাংলা: মাটির তৈরি এই মানুষের চরম উত্থান দেখে আকাশের নক্ষত্রগুলোও আজ শঙ্কিত;
তাদের ভয়—এই ঝরে পড়া তারাটিই না জানি কোনোদিন পূর্ণিমার চাঁদ হয়ে ওঠে!
৪৫.
اردو: فرقہ بندی ہے کہیں اور کہیں ذاتیں ہیں
کیا زمانے میں پنپنے کی یہی باتیں ہیں
Roman: firqa-bandī hai kahīñ aur kahīñ zāteñ haiñ
kyā zamāne meñ panapne kī yahī bāteñ haiñ
বাংলা: কোথাও কেবলই দলাদলি, আবার কোথাও জাতপাতের হিসাব;
এই আধুনিক যুগে সমাজকে টিকিয়ে রাখার বা গড়ে তোলার উপায় কি এটাই?
৪৬.
اردو: عشق بھی ہو حجاب میں حسن بھی ہو حجاب میں
یا تو خود آشکار ہو یا مجھے آشکار کر
Roman: ishq bhī ho hijāb meñ husn bhī ho hijāb meñ
yā to ḳhud āshkār ho yā mujhe āshkār kar
বাংলা: যদি প্রেমও পর্দার আড়ালে থাকে আর সৌন্দর্যও আবরণে ঢাকা থাকে;
তবে হয় তুমি নিজে প্রকাশ পাও, নতুবা আমার ভেতরের সত্যকে উন্মোচিত করো।
৪৭.
اردو: ہے رام کے وجود پہ ہندوستان کو ناز
اہل نظر سمجھتے ہیں اس کو امام ہند
Roman: hai raam ke vajūd pe hindostāñ ko naaz
ahl-e-nazar samajhte haiñ us ko imām-e-hind
বাংলা: শ্রীরামচন্দ্রের মহান অস্তিত্বের ওপর সমগ্র হিন্দুস্তানের এক পরম গর্ব রয়েছে;
এ দেশের সত্যদ্রষ্টা ও জ্ঞানীরা তাঁকে ‘ইমাম-এ-হিন্দ’ (ভারতের পথপ্রদর্শক) বলে গণ্য করেন।
৪৮.
اردو: سارے جہاں سے اچھا ہندوستان ہمارا
ہم بلبلیں ہیں اس کی یہ گلستاں ہمارا
Roman: saare jahāñ se achchhā hindostāñ hamārā
ham bulbuleñ haiñ is kī ye gulsitāñ hamārā
বাংলা: গোটা বিশ্বের সমস্ত দেশের চেয়ে আমাদের এই হিন্দুস্তান শ্রেষ্ঠ;
আমরা হলাম এর গান-গাওয়া বুলবুল (নাইটিঙ্গেল), আর এটি আমাদের সুরভিত বাগান।
৪৯.
اردو: آئین جواں مرداں حق گوئی و بے باکی
اللہ کے شیروں کو آتی نہیں روباہی
Roman: ā.īn-e-javāñ-mardāñ haq-goī o be-bākī
allāh ke sheroñ ko aatī nahīñ rūbāhī
বাংলা: সত্য বলা ও নির্ভীক হওয়াই হলো বীরপুরুষদের একমাত্র নিয়ম;
ঈশ্বরের সিংহরা কোনোদিন শিয়ালের মতো ধূর্ততা বা কাপুরুষতা শেখে না।
৫০.
اردو: عقل کو تنقید سے فرصت نہیں
عشق پر اعمال کی بنیاد رکھ
Roman: aql ko tanqīd se fursat nahīñ
ishq par a.amāl kī buniyād rakh
বাংলা: মানুষের বুদ্ধির তো স্রেফ সমালোচনা আর চুলচেরা বিশ্লেষণ করা ছাড়া কোনো ফুরসত নেই;
তুমি বরং তোমার জীবনের সমস্ত কর্মের ভিত্তিটি ভালোবাসার (ইশক) ওপর স্থাপন করো।
আল্লামা ইকবালের চিন্তার জগতের এই বৈচিত্র্য ও স্ববিরোধিতাই তাঁকে একাধারে বিতর্কিত এবং একই সাথে উর্দু সাহিত্যের ইতিহাসে এক অনন্য শিখরে প্রতিষ্ঠিত করেছে। তাঁর পঙক্তিতে প্রেম যেমন আছে, ঠিক তেমনি আছে তীব্র রাজনৈতিক চেতনা ও চাবুক। ‘অসুরের সুরলোকযাত্রা’ সিরিজের এই পর্বটি ইকবালের প্রতি কোনো অন্ধ মোহ থেকে নয়, বরং তাঁর সৃষ্টির পরিমাপ করার এক নিরাসক্ত প্রয়াস মাত্র।
