মুরুব্বিদের সাথে মেলামেশা : সংস্কার-আদাব-এটিকেট সিরিজ

আমাদের শৈশবে মুরুব্বিদের সামনে দাঁড়ানো ছিল একরকম পরীক্ষা। সেখানে আপনার দাঁড়ানোর ভঙ্গি থেকে শুরু করে সালাম দেওয়ার শিষ্টাচার—সবকিছুই ছিল পারিবারিক রুচি ও আভিজাত্যের মাপকাঠি। অথচ বর্তমান যুগে কেউ উদ্ধত আচরণ করলেও বড়রা অনেক সময় শাসন করার সাহস পান না; পাছে আরও বড় কোনো বেয়াদবির সম্মুখীন হতে হয়। অনেকে হয়তো বলবেন, ‘আদর্শ মুরুব্বি কই? চারদিকে তো কেবল কুটিল বৃদ্ধদের ভিড়!’ সত্য এই যে, এমন অভিযোগ সব যুগেই ছিল। কিন্তু মুরুব্বি যেমনই হোন না কেন, আপনার নিজের আচরণ হওয়া চাই ত্রুটিহীন। মনে রাখবেন, সামনের জন যদি আদর্শ মানুষ নাও হন, তবে নিজের শালীনতা বজায় রেখেই তাঁর থেকে দূরত্ব বজায় রাখা উচিত।

১. সাক্ষাতের শুরু:

  • পায়ে হাত দিয়ে সালাম: আমাদের চিরন্তন সামাজিক রীতি হলো অনেকদিন পরে দেখা হলে বা বিশেষ কোন উপলক্ষে বড়দের পায়ে হাত দিয়ে সালাম করে দোয়া নেয়া। এ যুগে ওহাবীদের প্রভাবে এই রীতি কমতে শুরু করেছে। তাই মুরুব্বী যদি তিনি ওহাবী বা এমন মতাদর্শের হন যারা পায়ে হাত দেওয়া পছন্দ করেন না, তবে সেখানে জোর করার দরকার নেই। শুধু মুখে সালাম দেওয়াই যথেষ্ট।

  • নিঃশব্দ সালাম: মুরুব্বি যদি কারো সাথে কথা বলায় ব্যস্ত থাকেন বা কোনো গম্ভীর আলোচনায় থাকেন, তবে সেখানে শব্দ করে সালাম দিয়ে বিঘ্ন ঘটাবেন না। শান্তভাবে ইশারায় নিঃশব্দে আদাবের ভঙ্গীতে সালাম দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকুন। মুরুব্বী মুখে বা ইশারায় বসতে বললে বসুন।

২. আসন বিন্যাস ও অবস্থান: কোথায় এবং কীভাবে বসবেন?

বড়দের সামনে বসার কায়দাই বলে দেয় আপনার ঘরোয়া শিক্ষা কেমন।

  • বসবার অনুমতি: মুরুব্বির বাড়িতে গেলে তিনি আসন গ্রহণ করতে বলার আগে বসে পড়া চরম অসভ্যতা। আবার তিনি আপনার বাড়িতে এলে, তিনি আগে বসবেন এবং আপনার ক্ষেত্রে ভদ্রতা হলো তিনি সেটেল হওয়ার পর নিজে বসা।

  • সোজা হয়ে বসা: বড়দের সামনে কুঁজো হয়ে বা সোফায় আয়েশ করে শুয়ে-বসে থাকা যাবে না। বড়দের জন্য নির্ধারিত বিশেষ চেয়ার বা গদিতে আগেভাগেই গিয়ে বসে থাকা আপনার ‘ভুঁইফোঁড়’ মানসিকতার পরিচয় দেয়।

  • পায়ের দিকে খেয়াল রাখবেন: বড়দের সামনে পা নাচানো বা পায়ের ওপর পা তুলে আয়েশ করা যাবে না। এমনকি বড়দের সামনে দিয়ে হাঁটার সময় বুক ফুলিয়ে না হেঁটে একটু ঝুঁকে বা সম্মান প্রদর্শন করে পাশ কাটিয়ে যাওয়াই হলো হাজার বছরের দেশজ আদব।

৩. কথা ও অঙ্গভঙ্গি

মুরুব্বিদের সাথে কথা বলার সময় আপনার শরীরী ভাষা (Body Language) আপনার ভেতরের ‘ভদ্রতা’ বা ‘ঔদ্ধত্য’কে স্পষ্ট করে দেয়। তাই কথোপকথনের সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখা জরুরি:

  • হাতের ভঙ্গি ও বাচনভঙ্গি: কথা বলার সময় মুরুব্বিদের দিকে আঙুল উঁচিয়ে কথা বলা বা হাত নেড়ে তর্কে লিপ্ত হওয়া চরম অমার্জিত স্বভাব। হাত দুটি শান্ত রেখে, ধীরস্থিরভাবে তাঁদের কথার উত্তর দিন। যদি কোনো বিষয়ে দ্বিমত পোষণ করতেই হয়, তবে তা সরাসরি তর্কের বদলে বিনয়ী প্রশ্নের মাধ্যমে উপস্থাপন করুন। সরাসরি প্রতিবাদ না করে বুদ্ধিদীপ্ত প্রশ্ন ছুঁড়ে দিলে অপরপক্ষ তাঁর অবস্থান নিয়ে ভাবার সুযোগ পান। যদি আপনার যুক্তি বা প্রশ্ন সাজানোর দক্ষতা না থাকে, তবে বিতর্ক এড়িয়ে চুপচাপ শুনে যাওয়াই শ্রেয়।

  • সংক্ষিপ্ত ও স্পষ্ট উত্তর: বড়রা কিছু জিজ্ঞাসা করলে বিনয়ের সাথে সংক্ষিপ্ত অথচ স্পষ্ট উত্তর দিন। মনে রাখবেন, সাধারণ মুরুব্বিরা সচরাচর ছোটদের কাছ থেকে কিছু শিখতে আগ্রহী হন না। একমাত্র উচ্চশিক্ষিত, প্রাজ্ঞ ও উদার মানসিকতার মুরুব্বিরাই ছোটদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাঁদের আপন করে নেন। এমন ব্যক্তিত্বসম্পন্ন মানুষ যেহেতু সংখ্যায় কম, তাই সামনের জনের রুচি ও গভীরতা বোঝার আগে অহেতুক প্রগলভতা বা পাণ্ডিত্য প্রদর্শন না করাই বুদ্ধিমানের কাজ।

৪. শ্রবণ ও মৌনতা

শিষ্টাচারের অন্যতম বড় গুণ হলো—কখন কথা বলতে হয় এবং কখন চুপ থাকতে হয়, তা সঠিকভাবে জানা। বিশেষ করে মুরুব্বিদের উপস্থিতিতে মৌনতা বজায় রাখা একটা আর্ট।

  • অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকা: দুজন মুরুব্বি যখন নিজেদের মধ্যে কথা বলেন, তখন বিনা প্রয়োজনে বা অনাহুতভাবে মাঝখানে কথা বলে নিজের গুরুত্ব জাহির করার চেষ্টা করবেন না। আপনার যদি অত্যন্ত প্রয়োজনীয় কোনো মতামত থাকেও, তবে তাঁদের কথা শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন। বড়দের আলোচনার মাঝপথে ঢুকে পড়া রুচিহীনতার পরিচয় দেয়।

  • শ্রবণ ও মনোযোগের গুরুত্ব: তাঁরা যখন কথা বলছেন, তখন মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকা বা উদাসীন ভঙ্গি করা আপনার ব্যক্তিত্বকে খাটো করে। তাঁদের চোখের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে কথা শোনা এবং প্রয়োজনমতো মাথা নেড়ে সায় দেওয়াটাই হলো সম্মানের ভাষা। যদি তাঁদের আলোচনা আপনার কাছে একঘেয়ে বা নিরস মনে হয়, তবে সেখানে বসে থেকে অমনোযোগ প্রদর্শন করবেন না। বরং বিনয়ের সাথে কোনো একটি জরুরি কাজের অজুহাত দেখিয়ে সেখান থেকে মার্জিতভাবে বিদায় নিন।

৫. আহার ও আপ্যায়ন

বাঙালি সংস্কৃতির একটি বড় অংশ জুড়ে আছে খাবার টেবিল। মুরুব্বিদের সাথে খাওয়ার সময় কিছু বিশেষ আদব মেনে চলা জরুরি:

  • আগে শুরু না করা: মুরুব্বিরা যতক্ষণ না খাবার শুরু করছেন, ততক্ষণ নিজে শুরু করা অভদ্রতা। বিশেষ করে যৌথ পরিবারে বা দাওয়াতে বড়দের আগে দস্তরখান বা টেবিলে জায়গা করে দেওয়া উচিত।
  • সেরা অংশটি তুলে দেওয়া: মাছের পেটি বা মাংসের ভালো টুকরোটি নিজে না নিয়ে মুরুব্বির পাতে তুলে দেওয়া বা তাঁদের জন্য এগিয়ে দেওয়া আমাদের বহু পুরোনো এবং সুন্দর একটি সংস্কার।
  • শব্দহীন আহার: খাওয়ার সময় চিবানোর শব্দ করা বা ঢকঢক করে পানি খাওয়া দৃষ্টিকটু। এছাড়া তাঁদের আগে খাওয়া শেষ হয়ে গেলে হুট করে উঠে না গিয়ে অনুমতি নিয়ে ওঠা অথবা তাঁদের শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন।

৬. বিদায় নেবার সংস্কার

শুধু সাক্ষাতের শুরু নয়, বিদায় নেওয়ার বেলাতেও কিছু আদব রয়েছে:

  • অনুমতি প্রার্থনা: হুট করে উঠে চলে না গিয়ে, “আজ তবে আসি” বা “অনুমতি দিলে এখন উঠি” বলে বিদায় নেওয়া উচিত।

  • এগিয়ে দেওয়া: মুরুব্বি যদি আপনার বাসা থেকে বিদায় নেন, তবে কেবল দরজা পর্যন্ত নয়, বরং তাঁকে লিফট বা গাড়ির দরজা পর্যন্ত এগিয়ে দেওয়া এবং তিনি চোখের আড়াল না হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকা এক অনন্য আভিজাত্য।

  • পিঠ না দেখানো: অনেক রক্ষণশীল পরিবারে আজও মুরুব্বিদের দিক থেকে হুট করে ঘুরে পিঠ দেখিয়ে চলে যাওয়াকে বেয়াদবি মনে করা হয়। কয়েক কদম পিছিয়ে গিয়ে তারপর ঘোরা বা একটু ঝুঁকে বিদায় নেওয়া একটি সূক্ষ্ম সংস্কার।

মুরুব্বিদের সামনে নত হওয়া মানে নিজেকে ছোট করা নয়, বরং নিজের ভেতরকার অহংকারকে জয় করা। এই শিষ্টাচারগুলোই আপনাকে একজন দায়িত্বশীল ও সুরুচিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলবে।

আরও দেখুন: