প্রিয় সুহৃদ ও সঙ্গীতানুরাগী,
আশা করি সবাই ভালো আছেন।
আপনারা অনেকেই হয়তো ইতোমধ্যে ‘সঙ্গীত গুরুকুল’-এর নাম ও কার্যক্রমের সাথে পরিচিত হয়েছেন। ব্যক্তিগতভাবে আমি সঙ্গীতের কোনো পণ্ডিত নই, শিখিওনি। আমি নিজেকে সঙ্গীতের একজন শিক্ষানবিশ শ্রোতা মনে করি। সুরের প্রতি গভীর অনুরাগ ও ভালোবাসা থেকেই সঙ্গীত নিয়ে যতটুকু সম্ভব কাজ করার চেষ্টা করে আসছি।
এই যাত্রার শুরুটা হয়েছিল আমার ব্যক্তিগত ওয়েবসাইটে ‘গান খেকো’ নামের একটি মিউজিক ব্লগের মাধ্যমে। পরবর্তীতে এই চর্চাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার তাগিদ অনুভব করি। সেই ভাবনা থেকেই ‘গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্ক’-এর অধীনে ‘সঙ্গীত গুরুকুল’ প্রতিষ্ঠার উদ্যোগ নিই। আপনারা জানেন, শিল্প ও সংস্কৃতির বিকাশ কেবল আমার শখ বা ভালোলাগা নয়—একে আমি সমাজ ও রাষ্ট্রের প্রতি এক প্রকার নাগরিক দায়বদ্ধতা বলেই মনে করি।
ফেসবুক ও ইউটিউবের পর্দায় সঙ্গীত গুরুকুলের নিয়মিত কার্যক্রম শুরু থেকেই আপনাদের স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও অনুপ্রেরণা পেয়ে এসেছে। আপনাদের সেই ভালোবাসার প্রশ্রয়েই এবার আমাদের মূল প্ল্যাটফর্ম ‘আর্ট অ্যান্ড কালচার গুরুকুল’-এর ছায়াতলে সম্পূর্ণ স্বাধীনভাবে যাত্রা শুরু করল ‘সঙ্গীত গুরুকুল’-এর নিজস্ব ওয়েবসাইট!
এই ওয়েবসাইটে যা থাকছে:
- সঙ্গীতের ইতিহাস ও বিবর্তন: দেশীয় ও আন্তর্জাতিক সঙ্গীতের আদি-অন্ত ও পথপরিক্রমা।
- তাত্ত্বিক ও ফলিত সঙ্গীত: শাস্ত্রীয় ও লোকসঙ্গীতের প্রচলিত-অপ্রচলিত নানা বিষয়ের সহজ পাঠ।
- গুণীজনদের লেখনী ও সৃষ্টি: সঙ্গীত জগতের বরেণ্য ব্যক্তিত্বদের লেখা, সাক্ষাৎকার এবং দুষ্প্রাপ্য সৃষ্টি ও গবেষণার সংগ্রহশালা।
- আমার কলমে: সঙ্গীতের সমঝদার হিসেবে আমার নিজের কিছু নিয়মিত লেখা ও পর্যবেক্ষণও এখানে থাকবে, ইনশাআল্লাহ।
আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তখনই সার্থক হবে, যখন সঙ্গীতপিপাসু ও সুরপাগল মানুষগুলোকে আমরা পাশে পাব। সুস্থ ও মননশীল সঙ্গীত চর্চার এই অভিযাত্রায় আপনাদের সবার আন্তরিক অংশগ্রহণ ও পরামর্শ কামনা করছি।
সঙ্গীতের আলোয় সুন্দর হোক আমাদের চারপাশ।
ধন্যবাদান্তে,
সুফি ফারুক ইবনে আবুবকর
সঙ্গীত গুরুকুলের ওয়েবসাইট লিংক:
